মেসি ফিরলেন, ছিটকে গেলেন নেইমার
চোট থেকে সেরে উঠে মালাগার বিপক্ষে বার্সেলোনা দলে আছেন লিওনেল মেসি। তবে পায়ের পেশির চোটে ছিটকে গেছেন আরেক তারকা ফরোয়ার্ড নেইমার।
বার্সেলোনার ওয়েবসাইটে গত শুক্রবার বলা হয়, অনুশীলনের সময় পাওয়া হ্যামস্ট্রিং পেশিতে চোটের কারণে স্পেনের লা লিগায় মালাগার মাঠে শনিবারের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
চোটের কারণে গত বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে ২-১ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার সেরা তারকা মেসি।
স্পেনের লা লিগায় গত রোববার আথলেতিকের বিপক্ষে ৬-০ গোলে জেতা ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন মেসি। সেই ম্যাচে প্রথমার্ধ শেষ করার পর আর মাঠে নামেননি আর্জেন্টিনা অধিনায়ক।
মেসির সঙ্গে শনিবার মালাগার বিপক্ষে ডিফেন্ডার জেরেমি মাথিউও মাঠে ফিরতে পারেন বলে জানান বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
