২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা নিয়ে বাড়ি ফেরার প্রত্যয় নেপাল-বাহরাইন দলে

প্রথমারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জয়ের লক্ষ্য নেপাল, বাহরাইন দুই দলেরই। তবে দক্ষিণ এশিয়ার দল হিসেবে বাংলাদেশী সমর্থকদের সমর্থন নিয়ে সেরা হওয়ার স্বপ্নটা বেশি দেখছেন নেপাল কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:29 PM

Updated : 11 Oct 2022, 07:38 PM

আগামী শুক্রবার সন্ধ্যা পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোল্ড কাপের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে শিরোপা নিয়ে দেশে ফেরার লক্ষ্য জানান দুই দলের কোচ।

বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনালে জেতা ম্যাচে রেফারির সঙ্গে বাজে আচরণ করে মাঠ ছাড়েন বাহরাইন অনূর্ধ্ব-২৩ কোচ মারজান ইদ। ফাইনালেও ডাগ আউটে দাঁড়াতে পারবেন না তিনি। তার সহকারী ডি নশর নেপালকে সমীহ করেই শিরোপা জয়ের স্বপ্নটা জানান।

“নেপালের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। আশা করি, আমরা সফল হবো; শিরোপা জিতব। ছেলেরা শতভাগ দিতে প্রস্তুত।”

এক জয়, দুই ড্রয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে জায়গা করে নেওয়া দলটি সেমি-ফাইনালে টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারায়। ধাপে ধাপে এগিয়ে যাওয়া শিষ্যদের নিয়ে আশাবাদী বাহরাইনের সহকারী কোচ।

“আমাদের পারফরম্যান্স ধাপে ধাপে উন্নত হচ্ছে। ছেলেদের নিয়ে তাই আমরা আশাবাদী।”

গোল্ড কাপের ফাইনাল নেপাল কোচ বাল গোপাল মহারাজনকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে ১৯৯৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের ফাইনালে। সেবার বাংলাদেশের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক নেপাল।

১৭ বছর পর আরেকটি ফাইনালে উঠে খালি হাতে ফিরতে চান না মহারাজন। সেমি-ফাইনালে মালদ্বীপের বিপক্ষে পাওয়া বড় ব্যবধানের জয় তাকে আরও আত্মবিশ্বাসী করেছে।

“মালদ্বীপের বিপক্ষে সেমি-ফাইনালে কেউ, এমনকি আমরা নিজেরাও ভাবিনি স্কোরলাইন ৪-১ হবে। আগামীকালের ম্যাচের জন্য প্রতিপক্ষ সম্পর্কে ছেলেদেরকে তথ্য দিয়েছি। ছেলেদের পুরো আত্মবিশ্বাস আছে। আমিও আশাবাদী।”

এ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে ওঠে নেপাল। এরপর টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মালদ্বীপকে সেরা চারের লড়াইয়ে উড়িয়ে দেয় তারা। দাপটের সঙ্গে গোল্ড কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে আসাটা ‘ফ্লুক’ মানছেন না তিনি।

স্থানীয় সমর্থকরা সাফ অঞ্চলের দল নেপালের পাশে থাকবে বলেও আশা করেন নেপাল কোচ। পা মাটিতে রেখে শিষ্যদের লড়াই করার পরামর্শও দেন তিনি।

গোল্ড কাপের শিরোপা নিয়ে দেশে ফেরার প্রতিশ্রুতিও দিয়েছেন নেপাল অধিনায়ক বিরাজ মহারাজন, “আগামীকাল আমরা দেশের জন্য সবকিছু দিয়ে লড়াই করব।”