২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের যুবাদের হারিয়ে সেমিতে মালদ্বীপ

টানা দুই জয়ে সবার আগে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে মালদ্বীপ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ২-০ গোলে হারিয়েছে তারা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 08:41 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়ে গোল্ড কাপ শুরু করেছিল অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার নিয়ে গড়া মালদ্বীপ দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে সেরা চার নিশ্চিত করল রিকি হার্বার্টের শিষ্যরা।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে মালদ্বীপ। একই দিনে সেমি-ফাইনালে খেলার লক্ষ্য পূরণে গ্রুপের শেষ ম্যাচে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কম্বোডিয়ার মুখোমুখি হবে মুখোমুখি হবেন রুবেল-জনিরা।

দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জিতলেও চলবে না; মরেনোর দলকে তাকিয়ে থাকতে হবে মালদ্বীপ-বাহরাইন ম্যাচের দিকে। ওই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বাহরাইন হারলে এবং যুবারা বড় ব্যবধানে জিতলে মিলবে সেমি-ফাইনালে ওঠার সমীকরণ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ষোড়শ মিনিটে গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় মালদ্বীপ। বাঁ দিক দিয়ে বল নিয়ে বক্সে ডুকে পড়া আহমেদ নাশিদের পথ দ্রুত দৌড়ে এসে আগলে দাঁড়ান গোলরক্ষক জিয়াউর রহমান। এই মিডফিল্ডারের বাড়ানো বল গতিময় শটে লক্ষ্যে পৌঁছে দেন ইসমাইল ইয়াসা।

সাত মিনিট পর একইভাবে বাংলাদেশের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করে নেয় অতিথি দলটি। এবার বাঁ দিক থেকে ইয়াসার দেওয়া ক্রসে জিয়াকে পরাস্ত করেন ইমাজ আহমেদ। স্বাগতিক দলের শাকিল আহমেদ বল ফেরান, তবে তা গোললাইন পেরুনোর পর।

প্রথমার্ধের শেষ দিকে রুবেল মিয়ার হাত ধরে প্রতি আক্রমণে যায় যুবারা। কিন্তু এই মিডফিল্ডারকে ওয়ান টু ওয়ান পজিশনে ফাউল করে আটকে দেন মালদ্বীপ ডিফেন্ডার গাসিম সামাম। ফ্রি কিকের সুযোগ কাজে লাগাতে পারেনি মরেনোর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকেও বক্সের মধ্যে বল পেয়ে তালগোল পাকিয়ে আরেকটি সুযোগ নষ্ট করেন রুবেল। ৬৭তম মিনিটে ম্যাচে ফেরার সেরা সুযোগটি হেলায় হারান আমিনুর রহমান সজীব। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করা এই ফরোয়ার্ড।

শেষ দিকে ম্যাচে ফেরা গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা হয়নি। ফলে গোল্ড কাপে যুবাদের প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয়।