কম্বোডিয়াকে গোল্ড কাপ থেকে ছিটকে দিল বাহরাইন
দ্বিতীয় ম্যাচ জিতে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাহরাইন। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাহরাইন ১-০ গোলে হারিয়েছে কম্বোডিয়াকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার একাদশ মিনিটে কর্নার থেকে হেড করে কম্বোডিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক আব্দুল আজিজ আল শেখ। এ গোলটিই বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের তিন পয়েন্ট নিশ্চিত করে।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ড্র করেছিল বাহরাইন। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে তারা। গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার মালদ্বীপের মুখোমুখি হবে আজিজরা।
