মেসিকে খাট বলে খোঁটা এসপানিওলের খেলোয়াড়ের
বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসিকে খাট বলে খোঁটা দিয়েছেন এসপানিওলের ডিফেন্ডার আলভারো গনসালেস।
এসপানিওলের মাঠ থেকে কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে গত বুধবার ২-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। কাম্প নউতে প্রথম পর্বের ম্যাচে ৪-১ গোলে জিতেছিল এনরিকের দল। দুই পর্ব মিলিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ৬-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠে বর্তমান চ্যাম্পিয়নরা।
গত ৬ জানুয়ারি প্রথম পর্বের ম্যাচে এসপানিওলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। আর ম্যাচ শেষে টানেলে তাদেরকে উত্ত্যক্ত করার অপরাধে বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেস দুই ম্যাচ নিষিদ্ধ হন।
দ্বিতীয় লেগটা অবশ্য এত উত্তেজনাময় ছিল না। তবে একেবারে নিরুত্তাপও ছিল না। গনসালেস মেসিকে ফাউল করার পর দুজন তর্কে জড়িয়ে পড়েন।
