২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি ও ম্যান সিটির হোঁচট

নতুন বছরে টানা দুই জয়ে ছন্দে ফেরার আভাস দিলেও ফের পথ হারিয়েছে চেলসি। ঘরের মাঠে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ড্র করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটিও, এভারটনের কাছে পয়েন্ট হারিয়েছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 04:30 AM

Updated : 11 Oct 2022, 07:36 PM

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। আর এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে সিটি।

মৌসুমের প্রথম ভাগে হতাশাজনক ফুটবল খেললেও গত ৩ জানুয়ারি ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর গত রোববার এফএ কাপে ইংলিশ ফুটবলের তৃতীয় সারির দল স্কানথর্পকে ২-০ গোলে হারায় গাস হিডিংকের চেলসি।

বুধবার রাতে ঘরের মাঠেও ভালো শুরু করেছিল চেলসি। ২০তম মিনিটে ডান দিক থেকে সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের আড়াআড়ি পাস পেয়ে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতা।

তবে ৩৩তম মিনিটে ডি বক্সের অনেকটা দূর থেকে জোরালো নীচু শটে গোলটি শোধ করে দেন অতিথিদের ইংলিশ মিডফিল্ডার ক্রেইগ গার্ডনার।

৭৩তম মিনিটে আইরিশ ডিফেন্ডার গ্যারেথ ম্যাকাউলির আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় চেলসি। তবে ৮৬তম মিনিটে আইরিশ মিডফিল্ডার জেমস ম্যাকক্লিনের গোলে এক পয়েন্ট নিশ্চিত হয় অতিথিদের।

এই ড্রয়ে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি।

নিজেদের মাঠে পয়েন্ট হারালেও তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে মানুয়েল পেল্লেগ্রিনির দলের পয়েন্ট ৪০।

আর্সেনাল ও লেস্টার সিটির পয়েন্ট সমান ৪৩, তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা আর্সেন ভেঙ্গারের দল।