২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির মামলায় আদালতে তলব নেইমারকে

ব্রাজিলের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের করা জালিয়াতি মামলায় নেইমারকে আগামী মাসে স্পেনের এক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 09:58 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

ডিআইএস নামের ওই প্রতিষ্ঠানের দাবি, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে নেইমারকে বার্সেলোনার কেনার সময় তাদেরকে আর্থিকভাবে ঠকানো হয়েছে।

মাদ্রিদের এক বিচারক এ মামলায় আগামী ১ ও ২ ফেব্রুয়ারি নেইমার, তার বাবা, বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেল ও বর্তমান সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ ও সান্তোসের সাবেক দুই কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ায় বার্সেলোনা। শুরুতে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের ‘ট্রান্সফার ফি’ গোপন রাখলেও পরে ৫ কোটি ৭০ লাখ ইউরোর বিনিময়ে তাকে কেনার কথা জানায় কাতালুনিয়া ক্লাবটি।

নথিপত্র অনুযায়ী মোট ট্রান্সফির ফির মধ্যে সান্তোস পায় মাত্র ৯৩ লাখ ইউরো। কমিশন বাবদ ৪ কোটি ইউরো যায় বিভিন্ন পক্ষের কাছে, যার মধ্যে রয়েছে নেইমারের বাবাও। বাকি ৭৬ লাখ ইউরো পায় নেইমারের স্বত্বের কিছু অংশের মালিক দুই কোম্পানি তেইসা গ্রুপ ও ডিআইএস।

কিছুদিন পরই তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও ওঠে। এরই প্রেক্ষিতে পরে পদত্যাগ করেন তিনি।

রোসেলের পদত্যাগের পর বার্সা কর্তৃপক্ষ জানায়, এই ফরোয়ার্ডকে দলে নিতে তাদের মোট আট কোটি ৬২ লাখ ইউরো খরচ হয়েছিল। যার একটা বড় অংশ দেয়া হয়েছিল নেইমার ও তার পরিবারকে।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিরুদ্ধে স্পেন সরকারও কর ফাঁকির অভিযোগ এনেছে। রোসেল ও ক্লাবটির বিরুদ্ধে মোট ১ কোটি ৩০ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আছে।