এসপানিওলকে খোঁচা পিকের
এসপানিওলকে হারানোর পর নগর প্রতিপক্ষকে নিয়ে ঠাট্টা করেছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকে।
বুধবার রাতে কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে ৪-১ গোলে জেতে বার্সেলোনা। এ দিন কাম্প নউয়ে ৭৬ হাজার ৬৬৭ জন দর্শকের সামনে জোড়া গোল করেন লিওনেল মেসি। একটি করে গোল করেন নেইমার ও পিকে।
পাঁচ দিন আগে লিগে এই এসপানিওলের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। গত শনিবার লা লিগার সেই ম্যাচে ৪০ হাজার ৫০০ ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শক হয়েছিল ২৮ হাজার ৯৭৫।
প্রতিপক্ষের সমর্থকদের মাঠে আসার অনাগ্রহের বিষয়টি তুলে ধরেই মূলত খোঁচাটা মারেন পিকে।
“তারা নিজেদের ‘মারভেলাস মাইনরিটি’ হিসেবে ডাকে। আর তারা এমনই সংখ্যালঘু যে, তারা নিজেদের মাঠই পূর্ণ করতে পারে না।”
আগামী বুধবার ফিরতি লেগে ফের মুখোমুখি হবে দল দুটি। এবারের লড়াইটি হবে এসপানিওলের মাঠ করনেয়া এল প্রাতে।
ওই ম্যাচের প্রসঙ্গে স্পষ্টভাষী পিকে বলেন, “দেখা যাক, ফিরতি লেগে তারা মাঠ ভরতে পারে কি না। কারণ অন্য দিন পূর্ণ ছিল না।”
