ভালেন্সিয়ার মাঠে রিয়ালের প্রতিশোধের সুযোগ
ফেলে আসা বছরে কোনো শিরোপা জিততে না পারার ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে চায় রিয়াল মাদ্রিদ। সফলতার সে লক্ষ্যে নতুন বছরের প্রথম লড়াইয়ে ভালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রাফায়েল বেনিতেসের দল।
ইতিহাস ও ঐতিহ্যে ভালেন্সিয়ার চেয়ে অনেক এগিয়ে থাকলেও দলটির বিপক্ষে গত কয়েক ম্যাচে জিততে না পারার হতাশা রিয়ালের আত্মবিশ্বাসে ঘাটতির কারণ হতে পারে। তাদের জন্য এবারের ম্যাচটি তাই শুধু নতুন বছরের শুভ সূচনার উপলক্ষই নয়, প্রতিশোধের মঞ্চও বটে।
ভালেন্সিয়ার মাঠে আগামী রোববার বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।
মৌসুমের শুরুটা ভালো করলেও গত দুই মাসে একের পর এক ব্যর্থতা রিয়ালকে কোণঠাসা করে ফেলেছে। এ সময়ে লিগে সাত ম্যাচ খেলে তিনটিতেই হারে তারা, পয়েন্ট তালিকায় তারা নেমে গেছে তিন নম্বরে। তার মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা রিয়াল খায় ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয়ে।
লিগের দশ নম্বরে থাকা ভালেন্সিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়, লিগে টানা চার ম্যাচে জয়শূন্য তারা। রিয়ালের জন্য দলটি তাই বড় কোনো হুমকিও নয়। কিন্তু এ দুই দলের শেষ তিনবারের মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যান আবার ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয়।
উল্টোটা হলে শিরোপা লড়াইয়ে অনেকখানি পিছিয়ে পড়বে রিয়াল। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
