২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যায় ২০১৫ সালের ‘এমএসএন’ ত্রয়ী

ক্লাব বার্সেলোনার ২০১৫ সালের খেরোখাতায় শুধুই প্রাপ্তির হিসেব; উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ ২০১৫ সালে মোট পাঁচটি শিরোপা জিতেছে দলটি। তাদের সে অদম্য চলায় সামনে থেকে পথ দেখিয়েছে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসে গড়া দুর্দান্ত আক্রমণভাগ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 08:50 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

২০১৫ সালে নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে হারানোর পথে অনন্য এক ইতিহাস গড়ে বার্সেলোনা। স্পেনের যে কোনো দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এক বছরে সর্বোচ্চ ১৮০ গোলের রেকর্ড গড়ে তারা। তার মধ্যে ১৩৭টি গোল করেন মেসি, নেইমার ও সুয়ারেস।

দলের মোট গোলের শতকরা হিসেবে ৭৬% আসে এই ত্রয়ীর পা থেকে। গেল বছরে বার্সেলোনার খেলা মোট ৬৫ ম্যাচে এমএসএনের গোল করার গড় হার ২.৭৭।

দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বছরের শেষ ম্যাচেও ধরে রাখে এমএসএন-ত্রয়ী। চার গোলের ২টি সুয়ারেসের আর একটি মেসির, অন্যটি আত্মঘাতী। নেইমার কোনো গোল না পেলেও পুরো ম্যাচে খেলেন অসাধারণ।

গুরুত্বপূর্ণ ও দলের প্রয়োজনীয় মুহূর্তে গোল করার দিক থেকেও অনেকের মতেই ইতিহাসের সেরা এই আক্রমণভাগ ছিল অনন্য। তার মধ্যে মেসির অবদান ছিল সবচেয়ে উল্লেখযোগ্য; গত মৌসুমের শেষ দিকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তার জয়সূচক গোলেই লিগ শিরোপা নিশ্চিত হয় বার্সেলানার। কোপা দেল রের ফাইনালেও জোড়া গোল করেন তিনি, যার একটি ছিল অসাধারণ।

এই মৌসুমের শুরুতেই সেই বিধ্বংসী রূপ ধরে রাখেন আর্জেন্টাইন তারকা; গত অগাস্টে উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন। আর কিছু দিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও রিভার প্লেটের জালে বল জড়ান তিনি।

শিরোপা নির্ধারণী ম্যাচে গোল করার দিক থেকে পিছিয়ে ছিলেন না নেইমার-সুয়ারেসও। গত জুনে বার্লিনে হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিলেন ব্রাজিলের অধিনায়ক নেইমার, সেখানে লক্ষ্যভেদ করার কৃতিত্ব ছিল উরুগুয়ে তারকারও। সেভিয়ার বিপক্ষে সুপার কাপেও গোল করেছিলেন সুয়ারেস।

সবশেষ গত ডিসেম্বরে জাপানে হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে তো সুয়ারেস ছিলেন দলের জয়ের নায়ক। মেসি-নেইমারবিহীন দলকে ফাইনালে তুলতে সেমি-ফাইনালে হ্যাটট্রিক করেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার, ফাইনালে করেন জোড়া গোল। ৫ গোল নিয়ে মেসি ও মেক্সিকোর সেজার দেলগাদোর সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন সুয়ারেস।

সব মিলিয়ে ২০১৫ সালে শুধু ফাইনালেই ১২ গোল করেন মেসি-নেইমার-সুয়ারেস।

প্রতিপক্ষের গোলমুখে তাদের অসাধারণ পারফরম্যান্সেই গত মৌসুমে দ্বিতীয়বারের মতো 'ট্রেবল' জেতে বার্সেলোনা। অজেয় সে রূপ এ মৌসুমেও ধরে রেখেছে তারা। এখন পর্যন্ত ৫৫ গোল এসেছে এ ত্রয়ীর কাছ থেকে; মেসি ১৩, নেইমার ১৬ ও সুয়ারেস সর্বোচ্চ ২৬টি।

মেসি-নেইমার-সুয়ারেসের নৈপুণ্যে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। দেশের ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা কোপা দেল রের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছে দলটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই নকআউটে উঠেছে কাতালুনিয়া ক্লাবটি।

এ মৌসুমে প্রতিপক্ষের রক্ষণে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে ওঠা সুয়ারেস এখন পর্যন্ত ২৬ গোল করতে ২৫টি ম্যাচ খেলেছেন। ১৫ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি। কোচ লুইস এনরিকের আশা, সুয়ারেসের পা থেকে আসবে আরও অনেক গোল।

কোচের প্রত্যাশা, ভক্ত-সমর্থকদের চাওয়া আর দুর্ভাগ্য যদি বাঁধ না সাধে তবে গেল বছরের মতো এবারও হয়তো দেখা মিলবে বার্সেলোনার আরেকটি সাফল্যমণ্ডিত বছর। আর এমএসএন-ই যে থাকবে কারিগরের ভূমিকায়, তা আর বলার অপেক্ষা রাখে না।