আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত মেসি
২০১৫ সালটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনার। আগামী বছরও এর পুনরাবৃত্তি চান দলটির তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।
এ বছর পাঁচটি শিরোপা জেতা বার্সেলোনা নিজেদের মাঠে গত বুধবার বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। এই জয়ে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থেকে বছর শেষ করল তারা।
ম্যাচ শেষে মেসি বলেন, “অসাধারণ এক বছর ছিল এটা, যেটা আমরা জয় দিয়ে শেষ করতে চেয়েছিলাম।”
বেতিসের বিপক্ষে চাওয়াটা পূরণ হয়েছে মেসিদের। তবে কাজটা সহজ ছিল না বলে উল্লেখ করেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা।
“এটা অদ্ভুত এক ম্যাচ ছিল, জটিল। ম্যাচের গতি বাড়ানো আমাদের কাছে কঠিন হয়ে পড়েছিল, যেটা কিছুদিন ছুটি কাটানোর পর সব সময়ই কঠিন। কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছি, যেটা ছিল আজকে জেতা।”
পঞ্চমবারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে থাকা মেসি মনে করেন, বার্সেলোনা নিজেদের এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যেখান থেকে আরও উন্নতি করাটা বেশ কঠিন।
“২০১৫ সালের পুনরাবৃত্তি করা কঠিন হবে। কিন্তু আমরা চেষ্টা করব।”
বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নামা মেসি বলেন, “আমাদের একটি দল আছে, যারা এখনও জিতে যেতে চায়।” এ ম্যাচে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৫তম গোল করেন তিনি।
