২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ডারল্যান্ডের মাঠে লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে লিভারপুল। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:24 AM

Updated : 22 Aug 2022, 02:25 PM

গত শনিবার লেস্টার সিটিকেও একই ব্যবধানে হারিয়েছিল লিভারপুল। টানা এই দুই জয়ের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ জয়শূন্য ছিল ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লিভারপুলের জয়ের নায়ক ক্রিস্তিয়ান বেনতেকে। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৬তম মিনিটে অ্যাডাম লালানার ফ্লিকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

এ জয়ে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল। উনিশতম স্থানে থাকা সান্ডারল্যান্ডের পয়েন্ট ১২।

লিগের ঠিক মাঝ পথে এসে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। লেস্টার সিটির পয়েন্টও ৩৯, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।

৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মানুয়েল পেল্লেগ্রিনির দল সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার্স।

পঞ্চম স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ৩১। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে প্রতিযোগিতার সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড।