বেতিসকে উড়িয়ে শীর্ষে থেকে বছর শেষ বার্সার
দুর্বল রিয়াল বেতিসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে অদম্য বার্সেলোনা। লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেসে গড়া দুর্দান্ত আক্রমণভাগের চোখ-জুড়ানো খেলায় ৪-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বছরটাও শেষে করেছে লা লিগার শীর্ষে থেকে।
কাম্প নউয়ে বুধবার রাতে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মেসি। আর দ্বিতীয়ার্ধের শুরুতে জয় নিশ্চিত করা গোলটি করেন সুয়ারেস। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান উরুগুয়ের এই তারকা। তবে ম্যাচটিতে বার্সা জিততে পারতো ৮ গোলের ব্যবধানেও। কমপক্ষে ৪ বার গোলপোস্টে লাগে বল। নষ্ট হয় কয়েকটি দারুণ সুযোগও।
দুর্দান্ত খেলেই লা লিগায় জয়ে ফিরলো বার্সেলোনা। লিগের গত দুই রাউন্ডে ভালেন্সিয়া ও দেপোর্তিভো লা করুনার সঙ্গে ড্র করেছিল লুইস এনরিকের দল।
অসাধারণ একটি বছর কাটানোর শেষ পর্যায়ে সবকটি শিরোপা নিয়ে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠে সমর্থকদের সামনে সাজিয়ে ধরে বছর জুড়ে জেতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা।
বেতিসের বিপক্ষে শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে খেলতে থাকে বার্সেলোনা। ২২তম মিনিটে এগিয়েও যেতে পারতো তারা, কিন্তু মেসির ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে মেসি পড়ে গেলে পেনাল্টি পায় বার্সেলোনা। ‘বিতর্কিত’ সিদ্ধান্তটি নিয়ে আপত্তি তোলায় বেতিসের কোচ পেপে মেলেকে মাঠ থেকে বের করে দেন রেফারি।
পেনাল্টি নিতে গিয়ে ক্রসবারে বল মেরে সহজ সুযোগটা নষ্ট করেন নেইমার। রাকিতিচ ফিরতি বলে শট নিতে গিয়েছিলেন, তবে বল বিপদমুক্ত করতে গিয়ে বেতিসের এক খেলোয়াড় নিজেদের জালেই বল জড়িয়ে দেন।
তিন মিনিট বাদেই দলের সেরা দুই তারকার দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে এনরিকের দল। মেসি বাঁয়ে নেইমারকে বল দিয়ে চলে যান গোলের সামনে। আর নেইমার ডিফেন্ডারদের ফাঁক দিয়ে ঠিকই মেসিকে খুঁজে নেন। বার্সেলোনার জার্সিতে ৫০০তম ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার ম্যাচে লক্ষ্যভেদ করেন টানা চারবারের বর্ষসেরা তারকা।
বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির এটা ৪২৫তম গোল।
বিরতির পর প্রথম মিনিটেই স্কোরলাইন ৩-০ করে ফেলেন লুইস সুয়ারেস। সের্হিও বুসকেতসের দারুণ এক ডিফেন্সচেরা পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
সুয়ারেসের এই গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পাশাপাশি একটা রেকর্ডও গড়ে বার্সেলোনা। স্পেনের দলগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ গোল এখন লুইস এনরিকের দলের।
ধীরে ধীরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ‘এমএসএন’ নামে পরিচিত হয়ে ওঠা বার্সেলোনার আক্রমণভাগ। ৬১তম মিনিটে আরেকটি গোল পেয়ে যেতে পারতো তারা। কিন্তু প্রথমে মেসির শট রক্ষণে বাধা পাওয়ার পরমুহূর্তেই নেইমারের শট পোস্টে লাগে।
৬৯ থেকে ৭৫, এই ছয় মিনিটে আরও তিনটি গোল পেতে পারতো বার্সেলোনা; কিন্তু প্রতিবারই গোলপোস্ট প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়।
প্রথমে, মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলরক্ষক ঠেকালেও পুরোপুরি ফেরাতে পারেননি, বল লাগে ক্রসবারে। তিন মিনিট বাদে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের উঁচিয়ে মারা শট ক্রসবারে লেগে ফেরে। সবশেষে ডি-বক্সের একটু বাইরে থেকে মেসির দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবারে বাধা পায়।
৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেস। আদ্রিয়ানের নীচু ক্রসে ডি-বক্সের ভেতর নেইমারের পায়ের ফ্লিকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।
১৫টি গোল করে এবারের লা লিগায় গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন সুয়ারেস। সমান ১৪টি করে গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নেইমার ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।
এ জয়ে লিগের শীর্ষে থেকেই বছরটা শেষ করতে যাচ্ছে বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট কাতালুনিয়ার দলটির। ১৭ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮। আতলেতিকোর সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।
# শীর্ষে থেকেই বছরটা শেষ করল বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট লুইস এনরিকের দলের। ১৭ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তারা। আতলেতিকোর সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।
শেষ বাঁশি: বার্সেলোনা ৪-০ রিয়াল বেতিস। বেতিসের জালে গোল হতে পারতো ৮-১০টি!
# এভাবে খেলতে থাকলে ২০১৬ সালেরও সব শিরোপা জিতবে বার্সেলোনা।
# সুয়ারেসের গোল হলো ১৫টি। নেইমার আর রোনালদোকে ছাড়িয়ে গেলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
৭৫: আবার বেতিসের সহায় ক্রসবার! ডি-বক্সের একটু বাইরে থেকে মেসির দুর্দান্ত ফ্রি-কিকে বল ফিরে ক্রসবারে লেগে।
৭৩: আরেকটি সহজ গোলের সুযোগ নষ্ট! এবার নেইমারের বাড়িয়ে দেওয়া বল ধরে ডি-বক্সের ভেতর থেকে নেওয়া সুয়ারেসের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৭২: বার্সেলোনার আরেকটি সুযোগ নষ্ট! ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের উঁচিয়ে মারা শট ক্রসবারে লেগে ফিরে।
৬৯: মেসির দুর্দান্ত ফ্রি-কিক! পুরোপুরি ফেরাতে পারেননি গোলরক্ষক। ক্রসবারে লাগায় রক্ষা।
৬২: বিপদ তখনও কাটেনি। ডি-বক্সের ভেতর মেসির শট আবার প্রতিহত হয় রক্ষণে।
৬১: নেইমারের দারুণ কাট ব্যাক থেকে মেসির শট ফেরে রক্ষণে। কয়েক সেকেন্ড পরই ডি-বক্সের ভেতর থেকে নেইমারের নীচু শট ফিরে পোস্টে লেগে!
# বিশ্ব, ইউরোপ আর স্প্যানিশ চ্যাম্পিয়নের প্রাণ জুড়ানো খেলা। মেসি-নেইমার-সুয়ারেসকে ঠেকাবে কিভাবে অতিথিরা!
# দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ‘এমএসএন’ ত্রয়ী। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত বেতিস।
# লা লিগায় এ মৌসুমে এখন নেইমার, রোনালদো আর সুয়ারেস- তিন জনেরই গোল ১৪টি করে। নেইমার বা সুয়ারেস কি এই ম্যাচে ছাড়াতে পারবেন রোনালদোকে?
বিরতি: (বার্সেলোনা ২-০ রিয়াল বেতিস)। মন ভরানো ফুটবল খেলতে না পারলেও বিরতির আগে দুই গোল স্বস্তি দিবে কোচ লুইস এনরিকেকে। প্রতিপক্ষ কোচ পেপে মেলের অবশ্য ভাগ্য খারাপ। ‘বিতর্কিত’ পেনাল্টিটি নিয়ে আপত্তি তোলায় তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি।
৩৮: গোলের ভালো একটি সুযোগ হারাল বার্সেলোনা। মেসির বাড়ানো বল ধরে একটু কঠিন কোন থেকে গোলের চেষ্টা করেছিলেন সুয়ারেস। তবে বল জড়ায় সাইট নেটে।
# বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচে খেলতে নেমে গোল পেলেন মেসি।
# পেনাল্টিটি বিতর্কিত। গোলরক্ষক ধাক্কা খাওয়ার আগেই বল ফিরিয়েছিলেন। আর ধাক্কাটা ইচ্ছাকৃতও ছিল না।
৩০: গোল, আত্মঘাতী; বার্সেলোনা (বার্সেলোনা ১-০ রিয়াল বেতিস) নেইমারের পেনাল্টি শট ক্রসবারে লেগে ফিরে। রাকিতিচ ফিরতি বলে শট নিতে গিয়েছিলেন, তবে বল বিপদমুক্ত করতে গিয়ে বেতিসের এক খেলোয়াড় বল জালে জড়িয়ে দেন।
২৭: গোলরক্ষকের সঙ্গে মেসির ধাক্কা। পেনাল্টি পেল বার্সেলোনা।
২৫: বার্সেলোনার প্রথম ভালো একটা সুযোগ। সুয়ারেসের ক্রস থেকে ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো নেইমারের হেড চলে গেল গোলরক্ষকের হাতে।
২২: মেসির ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
১০: প্রথম ১০ মিনিটে স্বাগতিকদেরই প্রাধান্য। বলের দখল রাখলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি মেসি-নেইমাররা।
ম্যাচ শুরু: সাফল্যে ভরা একটি বছরের শেষ ম্যাচটি খেলতে নামল বার্সেলোনা।
# মেসির মাইলস্টোন: বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচে খেলতে নামলেন আর্জেন্টিনার এই তারকা।
# লা লিগার এই মৌসুমে মেসি-নেইমার-সুয়ারসের মোট গোল ৩২টি।
# জিতলে শীর্ষে থেকেই বছরটা শেষ করবে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট লুইস এনরিকের দলের। ১৭ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৮। আতলেতিকোর সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।
# অসাধারণ একটি বছরের শেষ লগ্নে এসে দারুণ একটি রেকর্ডের হাতছানিও থাকছে বার্সেলোনার সামনে। বুধবার ৩টি গোল করলে স্পেনের দলগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বে এ বছর এ পর্যন্ত ১৭৬ গোল করা কাম্প নউয়ের দলটি। রিয়াল মাদ্রিদ ২০১৪ সালে ১৭৮টি গোল করে ওই রেকর্ড গড়েছিল।
# বুধবার প্রথম ম্যাচে রোনালদোর জোড়া গোলে ৩-১ ব্যবধানে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে রায়ো ভায়েকানোকে ২-০ গোলে হারিয়ে তাদের হটিয়ে শীর্ষে উঠে আতলেতিকো মাদ্রিদ। তবে বার্সেলোনা জিতলে শীর্ষে থাকবে তারাই। আতলেতিকোর সঙ্গে তখন পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবে কাম্প নউয়ের দলটি।
