নতুন বছরে মাঝমাঠে শক্তি বাড়াতে চায় আর্সেনাল
মাঝমাঠের শক্তি বাড়াতে জানুয়ারির দলবদলে আর্সেনাল খেলোয়াড় কিনবে বলে জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষে থাকা ক্লাবটির কোচ আর্সেন ভেঙ্গার।
ভেঙ্গার নির্দিষ্ট করে কোনো খেলোয়াড়ের নাম বলেননি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৬ সালে আর্সেনাল প্রথম চুক্তি করতে পারে মিসরের মিডফিল্ডার মোহামেদ এলনেনির সঙ্গে।
ভেঙ্গার বলেন, "আপনারা আমার চেয়েও বেশি জানেন। দুর্ভাগ্যবশত, এখনই এই খেলোয়াড় সম্পর্কে আমরা কিছু ঘোষণা করতে পারি না। কারণ, কিছুই চূড়ান্ত হয়নি।"
১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা আর্সেনালের কোচ মাঝমাঠের শক্তি বাড়াতেই আরও খেলোয়াড় কিনতে চান।
"হ্যা, আমি ব্যস্ত থাকব। আমি এখনও ব্যস্তই আছি। আমি এক মাস আগেই বলেছি, সব ধরনের প্রতিযোগিতায় খেলার জন্য আমাদের কিছুটা ঘাটতি আছে। বিশেষ করে মাঝমাঠে।"
আর্সেনালের মাঝমাঠের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় ফ্রান্সিস কোকিলিন, সান্তি কাসোরলা ও জ্যাক উইলশেয়ার চোটের কারণে মাঠের বাইরে আছেন। এই তিন জনের অভাব পূরণ করতেই মিডফিল্ডার কিনতে মরিয়া ২০০৩-০৪ মৌসুমের পর আবার লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখা আর্সেনাল।
এফসি বাসেলের এলনেনি ছাড়াও আর্সেনালের নজর আছে সাউথ্যাম্পটনের কেনিয়ান মিডফিল্ডার ভিক্টর ওয়ানিয়ামার দিকেও।
