২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে সান্তোসের সেরা দশেও রাখছেন না পেলে

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়ে যাওয়া নেইমারকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। কিন্তু ব্রাজিল অধিনায়ককে তার সাবেক ক্লাব সান্তোসের সেরা দশেও রাখছেন না দেশটির কিংবদন্তি ফুটবলার পেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 05:36 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে দেশটির ক্রীড়া সাময়িকী প্লাকারকে বলেন, “সে রক্ষণে অবদান রাখে না, সে গোলের সুযোগ তৈরি করে না এবং সে বল সামনেও আনে না। তার যখন এসবের অভাব আছে, তখন সেরাদের সঙ্গে তুলনা করা কঠিন।”
 
“নেইমার একজন ভালো খেলোয়াড়। কিন্তু হেড থেকে সে কতগুলো গোল করেছে?”
 
২০০৩ সালে সান্তোসের যুব দলে নাম লেখানো নেইমার ব্রাজিলের ক্লাবটির মূল দলে জায়গা করে নেন ২০০৯ সালে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগে পর্যন্ত এই ক্লাবেই খেলেন ব্রাজিলের অধিনায়ক। 
 
সান্তোসে নেইমার তিনটি লিগসহ ব্রাজিলের কাপ ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শিরোপা কোপা লিবের্তাদোরেস জেতেন। পেলের কাছে এটাও খুব একটা যথেষ্ট নয়। 
 

“ভাসকনসেলোস (সান্তোসে পেলের সাবেক সতীর্থ) নেইমারের চেয়ে দশগুন ভালো ছিল।” লিওনেল মেসির মধ্যেও কিছু অপূর্ণতা দেখছেন পেলে।  “সে গত দশ বছরের সেরা খেলোয়াড়, যদিও সে হেডে ভালো নয়। সে খুব কমই তার ডান পা ব্যবহার করে।” এক যুগের সঙ্গে আরেক যুগের খেলোয়াড়দের তুলনা করা কঠিন বলে মনে করেন ৭৫ বছর বয়সী পেলে।