‘নেইমার এখনও মেসি-রোনালদোর মানের নয়’
বার্সেলোনায় আসার পর নেইমার যেভাবে উন্নতি করছেন তাতে মুগ্ধ এডগার ডাভিডস। তবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড এখনও লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর মানে পৌঁছাতে পারেননি বলে মনে করেন নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার।
২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখানো নেইমার এবারের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করে নিয়েছেন।
গত সাত বছর বর্ষসেরার পুরস্কার মেসি আর রোনালদোই ভাগাভাগি করে নেন। মেসি জেতেন চারবার, আর রোনালদো তিনবার।
বার্সেলোনায় প্রথম মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নেইমার। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৩৯ গোল করেন তিনি। আর চলতি মৌসুমে এরই মধ্যে করেন ১৬ গোল।
ইউরোপের ফুটবলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়া নেইমারের প্রশংসা করেন ডাভিডস।
"অনেক বড় খেলোয়াড়ের প্রতিভা আছে। কিন্তু সেই প্রতিভা বৃদ্ধি করা, প্রতিদিন কাজ করা, …এটা কঠিন।”
ক্যারিয়ারের একটা সময় ধারে বার্সেলোনায় খেলা ডাভিডস এর পর বলেন, “এটা সহজ নয় এবং আপনি দেখবেন সে এটা করেছে। সে মনোযোগী থেকেছে। …কিন্তু সে এখনও ওই দুজনের (মেসি ও রোনালদোর) পর্যায়ে ওঠেনি।”
