‘বর্ষসেরার লড়াইয়ে আগামীর দ্বৈরথ নেইমার-দিবালার’
ভবিষ্যতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য লড়াই ব্রাজিলের তারকা নেইমার আর আর্জেন্টিনার উঠতি তারকা পাওলো দিবালার মধ্যে হবে বলে মনে করেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন।
গত সাত-আট বছর ধরে বর্ষসেরা পুরস্কারের লড়াই হয়ে আসছে মূলত লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে।
আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার ভেরন অবশ্য বার্সেলোনার নেইমার ও ইউভেন্তুসের ফরোয়ার্ড দিবালার মধ্যে আরেকটা চিত্তাকর্ষক দ্বৈরথের গন্ধ পাচ্ছেন।
“প্রতিভা আছে। এটা এখন ধারাবাহিকতা, জয় আর শিরোপার উপর নির্ভর করে।”
দিবালাকে তার মতো করে বেড়ে ওঠার সময় দিতে হবে বলে মনে করেন ভেরন।
“মেসি তো মেসিই। কিন্তু লিওর পরে আর্জেন্টিনার আরেকজন আধিপত্য করেছে দেখাটা দারুণ হবে। … দিবালাকে নিয়ে আমি দারুণ আশাবাদী।”
“তার উপর অনেক বেশি প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া উচিত হবে না। কিন্তু এত কম বয়সে সবাই ইউভেন্তুসে যেতে পারে না এবং রাতারাতি গোলও আনতে পারে না”, যোগ করেন ভেরন।
পালের্মোতে তিন বছর কাটানোর পর ২০১৫ সালেই ইউভেন্তুসে নাম লেখান ২২ বছর বয়সী দিবালা। গত মৌসুমের চ্যাম্পিয়নদের হয়ে সেরি আতে ১৬ ম্যাচ খেলে ৮ গোল করেন তিনি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে করেন ১০ গোল।
অন্যদিকে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ খেলছেন মেসি-রোনালদোর সঙ্গে এ বছরের বর্ষসেরার পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া নেইমার। স্পেনের লা লিগায় ১৩ ম্যাচ খেলে ১৪ গোল করেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলে ১৬ গোল করেন ব্রাজিলের অধিনায়ক।
