মেসি-সুয়ারেস-নেইমারের নৈপুণ্যে বার্সার ইতিহাস
দুই দিনের ব্যবধানে প্রতিপক্ষের গোলমুখে ফের জ্বলে উঠলেন লুইস সুয়ারেস, গোলের দেখা পেলেন লিওনেল মেসিও। নেইমার গোলদাতাদের তালিকায় নাম লেখাতে না পারলেও পুরো ম্যাচ জুড়ে খেলেছেন অসাধারণ। আর ‘এমএসএন’ নামে পরিচিত হয়ে ওঠা এই আক্রমণভাগের দুর্দান্ত পারফরম্যান্সে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়েছে বার্সেলোনা।
জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে রোববার ৩-০ গোলে জেতে বার্সেলোনা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান সুয়ারেস। পরে আরেকটি গোল করেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।
প্রথম দল হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপা জিতল বার্সেলোনা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল কাতালুনিয়ার দলটি।
কুঁচকির চোট কাটিয়ে ফেরা নেইমার এবং অসুস্থতার কারণে সেমি-ফাইনালে খেলতে না পারা মেসিকে ফিরে পেয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের অধিকাংশ সময়ই আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। রিভার প্লেট মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠলেও সুবিধা করতে পারেনি।
২৪তম মিনিটে নেইমারের দারুণ ক্রসে নেওয়া দানি আলভেসের শট রক্ষণে প্রতিহত হয়। ৩৩তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মেসির দুর্দান্ত এক ফ্রি-কিক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান রিভার প্লেটের গোলরক্ষক।
টানা চারবারের বর্ষসেরা তারকাকে অবশ্য বেশিক্ষণ গোলবঞ্চিত রাখতে পারেনি দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা। ৩৬তম মিনিটে গোলটির উৎসও ছিলেন মেসি নিজেই। ডান দিকে দানি আলভেসকে বল বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ক্রস থেকে স্বদেশি নেইমার হেড করে তা ফেরত পাঠান মেসিকে। দারুণভাবে শরীরটাকে নিয়ন্ত্রণে রেখে তিন জনের মধ্যে থেকে বাঁ পায়ের আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার অধিনায়ক।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়াতে পারতেন লুইস সুয়ারেস। কিন্তু মেসির পাস পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন সেমি-ফাইনালে হ্যাটট্রিক করা এই স্ট্রাইকার।
২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা আরও জ্বলেও ওঠে। দুই মিনিটের ব্যবধানে মেসি দারুণ দুটি সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারতো।
৫৫তম মিনিটে দেখা মেলে নেইমার জাদুর; মাঝমাঠের কাছে বল পেয়ে দুই জনকে কাটিয়ে এবং পরে আরেক জনকে গতিতে পরাস্ত করে ডি বক্সে ঢুকে পড়েন দুর্দান্ত নেইমার। কিন্তু শেষটা ভালো হয় নি, চতুর্থ জনকে ফাঁকি দিতে গিয়ে পড়ে যান তিনি।
খানিক বাদে রিভার প্লেটের রক্ষণে আবারও মেসি-নেইমার আতঙ্ক। তবে ব্রাজিলিয়ান সতীর্থের দারুণভাবে বাড়ানো বল ধরে ১০ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট করেন এবারের ফিফা ব্যালন ডি’অরের শক্ত দাবিদার মেসি।
গোল পেতে মরিয়া রিভার প্লেট শেষ ১৫ মিনিটে বেশ কয়েকটি ভালো আক্রমণ করে। ৮৪তম মিনিটে গোল পেতেও পারতো তারা; বদলি নামা কলম্বিয়ার মিডফিল্ডার গনসালো মার্তিনেসের শট পোস্টে লাগে।
মাত্রই চোট কাটিয়ে ফেরা নেইমারকে ম্যাচের শেষ দিকে তুলে নেন লুইস এনরিকে। ৬১তম মিনিটে একটি হলুদ কার্ড পেয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড।
বাকি সময়ে আর কোনো গোল হয়নি। সহজ এই জয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে মেসি-সুয়ারেস-নেইমাররা।
