চেলসির কোচ হলেন হিডিংক
চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গাস হিডিংক। এই মৌসুমের শেষ পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের দলের দায়িত্বে থাকবেন নেদারল্যান্ডসের এই কোচ।
শনিবার এক বিবৃতিতে ৬৯ বছর বয়সী হিডিংককে নিয়োগ দেওয়ার কথা জানায় চেলসি।
গত বৃহস্পতিবার ছাঁটাই হওয়া কোচ জোসে মরিনিয়োর উত্তরসূরি হিসেবে চেলসিতে যোগ দিচ্ছেন হিডিংক। এর আগেও একবার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলটিতে কাজ করেছিলেন তিনি।
মরিনিয়োর ছাঁটাইয়ের পর থেকেই হিডিংকের যোগ দেওয়া নিয়ে আলোচনা চলছিল।
চেলসির মালিক আব্রামোভিচ ও বোর্ডের বিশ্বাস, খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে যা প্রয়োজন তা হিডিংকের আছে।
স্ট্যামফোর্ডে ফেরার ব্যাপারে হিডিংকও উচ্ছ্বসিত। খারাপ সময় কাটিয়ে দলটিকে সাফল্যের পথে ফেরাতে আশাবাদী তিনি।
