আর্সেনালের বিপক্ষে আগুয়েরোকে পাচ্ছে সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সের্হিও আগুয়েরোকে ফিরে পাচ্ছে ম্যানচেস্টার সিটি।
গোড়ালির চোটের কারণে সিটির সবশেষ চারটি ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড আগুয়েরো।
সিটি কোচ মানুয়েল পেল্লেগ্রিনি গত শুক্রবার নিশ্চিত করেন, আগুয়েরো অনুশীলন শুরু করেছেন এবং আগামী সোমবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন।
চলতি মৌসুমে চোট খুব ভোগাচ্ছে গতবার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আগুয়েরোকে। মৌসুমের শুরুর দিকে আর্জেন্টিনার হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই সময় সাত ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৬ রাউন্ড শেষে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এক পয়েন্ট বেশি নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৫।
