প্রিমিয়ার দাবায় চ্যাম্পিয়ন শেখ রাসেল
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে দারুণ এক চমকই উপহার দিল শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। প্রথমবারের মতো খেলতে এসে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে দলটি।
জাতীয় ক্রীড়া পরিষদে সোমবার শেষ রাউন্ডের খেলায় শেখ রাসেল ও বাংলাদেশ নৌবাহিনী খেলতে নামে সমান ১৩ করে পয়েন্ট নিয়ে। সপ্তম রাউন্ড পর্যন্ত প্রতিযোগিতাটির গত আসরের চ্যাম্পিয়ন নৌবাহিনীর সঙ্গে সমানে সমান লড়েছিল শেখ রাসেল। শিরোপা নির্ধারণী রাউন্ডে এসে এক গেম পয়েন্টের ব্যবধানে নৌবাহিনীর মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।
শেখ রাসেল ও নৌবাহিনী দুই দল সাত জয় ও এক ড্রয়ে ১৫ করে পয়েন্ট নিয়ে অষ্টম রাউন্ড শেষ করে। শেষ রাউন্ডে তিতাস ক্লাবকে ৪-০ ব্যবধানে হারিয়ে সব মিলিয়ে ২৭ গেম পয়েন্ট তুলে নেয় শেখ রাসেল। অন্যদিকে লিওনাইন চেস ক্লাবের বিপক্ষে জিতলেও ব্যবধান ৩-১ হওয়ায় গেম পয়েন্টে (২৬) পিছিয়ে পড়ে রানার্সআপ হয় নৌবাহিনী।
শেষ রাউন্ডে নৌবাহিনীর তিন খেলোয়াড় জয়ী হলেও দলটির গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব লিওনাইনের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেকের কাছে হেরে যান।
প্রিমিয়ার ডিভিশন দাবায় এবার শেখ রাসেলের হয়ে খেলেন ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ভারতের আন্তর্জাতিক মাস্টার দীপতায়ন ঘোষ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী।
রানার্সআপ নৌবাহিনী মুকুট ধরে রাখার মিশনে নেমেছিল গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনাহজ উদ্দিন, ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও ফিদে মাস্টার নাসির আহমেদকে নিয়ে।
গোল্ডেন স্পোর্টিং ক্লাব ১০ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়। নয় পয়েন্ট নিয়ে চতুর্থ বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল। ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয় তিতাস ক্লাব।
নবম স্থান লাভ করায় লিওনাইন চেস ক্লাব এবং অংশগ্রহণ না করায় ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড প্রথম বিভাগে নেমে গেছে।
প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চ্যম্পিয়নরা:
সাল | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
২০১১ | ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব | বাংলাদেশ বিমান |
২০১২ | ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব | দুরন্ত রাজশাহী |
২০১৩ | ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব | বাংলাদেশ নৌবাহিনী দাবা দল |
২০১৪ | বাংলাদেশ নৌবাহিনী দাবা দল | ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব |
২০১৫ | শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব | বাংলাদেশ নৌবাহিনী |
