প্রতিপক্ষ বধের প্রস্তুতি শুরু মামুনুলদের
গত দুই সপ্তাহ শারীরিক ও মানসিক দিকগুলো নিয়ে প্রস্তুতি নিয়েছেন মামুনুলরা। এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রতিপক্ষের কৌশল দেখে নিজেদের মতো করে ছক সাজানোর প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ মারুফুল হক।
গত ২৮ নভেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সাফের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। গত দুই সপ্তাহের প্রস্তুতি ও সামনের দিনগুলোর পরিকল্পনা নিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ।
২৩ ডিসেম্বর থেকে ভারতে শুরু হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপের তিন প্রতিপক্ষ প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের একাদশ আসর শুরু করবে বাংলাদেশ।
শনিবার মামুনুলদের জন্য কঠিন অনুশীলন ছিল না; রিকভারির জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু অনুশীলনই করিয়েছেন মারুফুল। রোববার বিশ্রামের পর প্রতিপক্ষের কৌশল দেখে নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করার কথা জানান কোচ।
“গত দুই সপ্তাহে মেন্টাল ও স্ট্রেন্থ ট্রেনিং করিয়েছি। …এবার প্রতিপক্ষের ম্যাচের ভিডিও দেখে তাদের শক্তি ও দুর্বলতায় জায়গা বের করে নিজেদের মতো করে প্রস্তুতি নিব আমরা।”
চোটের কারণে এরই মধ্যে ছিটকে গেছেন আবুল বাতেন মজুমদার কোমল ও কেষ্ট কুমার বোস। পাকিস্থলীর সমস্যায় ভোগা জামাল ভূইয়াও ছিলেন না শনিবারের অনুশীলনে।
সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নির্ভরযোগ্য মিডফিল্ডার জামালকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় চিন্তিত মারুফুল। তবে অতীত অভিজ্ঞতার কারণে এই মিডফিল্ডারকে পাওয়া নিয়ে আশাবাদী কোচ।
“অনেকদিন ধরে ও খেলছে। ওকে ভালোভাবে চিনি। স্ট্রেন্থ ও স্ট্যমিনা এত বেশি যে ওর রিকভারির ক্ষমতা অনেক ভালো। আশা করি, ও দ্রুতই সেরে উঠবে।”
কোচের মতো দলের মাঝমাঠ নিয়ে কিছুটা হলেও চিন্তিত নাসিরউদ্দিন। তবে জাতীয় দলের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার বাকি সতীর্থদের ওপর আস্থা রাখছেন; বিশেষ করে রাজুর ওপর।
“রাজু আছে; আরও অনেকে আছে…আমার বিশ্বাস, কারো অনুপস্থিতিতে দলের তেমন একটা সমস্যা হবে না। বর্তমান দলে যারা আছে, তারা সবাই ভালো।”
২০০৩ সালে প্রথম ও একমাত্র সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসরে এবার শিরোপা খরা ঘোচানোতে আশাবাদী নাসিরউদ্দিন, “অন্য যে কোনো বারের চেয়ে এবার আমাদের প্রস্তুতি ভালো।”
আশাবাদী দুই ফরোয়ার্ড জাহিদ হোসেন ও জুয়েল রানাও। গোলের জন্য এই দুই জনের দিকে বড় আশা নিয়ে তাকিয়ে আছেন মারুফুল। কোচের চাওয়া পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন দুজনে। তবে সাফের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে বিদেশি কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো বলেও জানান দুজন।
বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো হতো বলে মনে হচ্ছে মারুফুলের। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তা বলেও রেখেছেন তিনি।
“যে কোনো আসরের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে তো অবশ্যই ভালো হয়। বাফুফেকে বলে রেখেছি। দেখা যাক কি হয়।”
