সাফ ফুটবলে খেলার আশা দেখছেন না এমিলিও
একটি করে দিন যাচ্ছে আর এগিয়ে আসছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের এবারের আসর। জাহিদ হাসান এমিলির দুঃশ্চিন্তাও বাড়ছে। হাঁটুর চোট যে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে জাতীয় দলের এই ফরোয়ার্ডের সাফে খেলা।
২৮ নভেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সাফের জন্য প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল। এর আগে ঢাকার অনুশীলনের প্রথম দিনে ডান হাঁটুতে চোট পান এমিলি। জাতীয় দলের এই ফরোয়ার্ড এখন নিজেই সাফে খেলা নিয়ে সংশয়ে আছেন।
শনিবার দুপুরে বিকেএসপির জিমনেশিয়ামে যাওয়ার পথে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে সাফে খেলা নিয়ে অনিশ্চয়তার কথা জানান এমিলি নিজেই।
“সত্যি বলতে, এবার মনে হচ্ছে আর পারব না। এই চোটটা সহজে সেরে উঠবে না।”
আগামী ২৩ ডিসেম্বর ভারতের কেরালায় শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের একাদশ আসর। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই। অধিনায়ক মামুনুল অবশ্য এমিলিকে দলে পেতে চান।
“দেখুন, বন্ধু বলেই নয়, দলের জন্যই আমি তাকে চাই। তার সামর্থ্য আছে বলেই সে দীর্ঘদিন জাতীয় দলে আছে। আমাদের দলের ওই জায়গাটাতে (স্ট্রাইকিং পজিশনে) তাকে দরকার।”
অধিনায়কের চাওয়টা পূরণ করা কঠিন হবে মনে হচ্ছে এমিলির। চোটটা হাঁটুতে বলে ভেতর থেকে খুব বেশি সাহস পাচ্ছেন না ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
“চোটটা হাঁটুতে না হয়ে অন্য কোথাও হলে হয়ত বলতে পারতাম খেলতে পারব। কিন্তু হাঁটুর যে অবস্থা, তাতে মনে হচ্ছে না পারব। এ ধরনের চোট সেরে উঠতে অনেক সময় লাগে।”
২০০৫ সাল থেকে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ আসরে নিয়মিত খেলছেন এমিলি। সাফের হিসেবে বাংলাদেশের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তিনি। টানা ষষ্ঠবারের মতো এ আসরে খেলার জন্য মুখিয়ে ছিলেন চট্টগ্রাম আবাহনীর হয়ে কদিন আগে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জেতা এই তারকা।
এমিলি অবশ্য এখনও ক্যাম্প ছেড়ে যাননি। আশা না দেখলেও চেষ্টা চালিয়ে যাওয়া এই ফরোয়ার্ড এ মুহূর্তে সবই ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর।
“যে কয়টা দিন আছে, দেখি চেষ্টা চালিয়ে যাই। তবে সত্যি বলতে আমি কোনো আশা দেখি না। কেননা, এখন যে অবস্থায় আছি, এ অবস্থায় খেললে সেরাটা দিতে পারব না আমি।”
