২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে সাফের শিরোপা জেতার প্রত্যয় মামুনুলের

মাঠে দৌড়ে ঘর্মাক্ত মামুনুল ইসলাম সুইমিং পুলের দিকে ছুটছিলেন; বিকেএসপিতে শিক্ষা সফরে আসা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রছাত্রীরা তখন যত্রতত্র ঘোরাঘুরিতে ব্যস্ত। ডাক শুনে থামলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর আর কথা বলা গেল না। ছাত্রছাত্রীদের সেলফি তোলার আবদারের ভিড়ে হারিয়ে গেলেন এই মিডফিল্ডার।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 04:11 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

ভক্তদের আবদার মিটিয়ে ঘণ্টাখানেক সুইমিং পুলে কাটিয়ে মামুনুল জানালেন, ভক্তদের সাফের শিরোপা এনে দিতে চান তিনি।

‘শিরোপার দাবিটা মেটাতে হবে’

২০০৩ সালে সর্বপ্রথম ও সর্বশেষ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। পরের আসরে রানার্সআপ। সেলফি তোলার ফাঁকে সেই হাসিটা ফিরে পাওয়ার দাবি জানাতে ভোলেননি আদমজীর শিক্ষার্থীরা। অনেক কণ্ঠে বারবার প্রতিধ্বনিত হয়েছে-মামুন ভাই, সাফের শিরোপা চাই।

মাঠ থেকে সুইমিং পুল মিনিট দুয়েকের পথ। কিন্তু এতটুকু পেরুতেই মামুনুলের থামতে হয়েছে বারবার; পুরণ করতে হয়েছে এই তরুণ-তরুণীদের সেলফির আবদার।

মামুনুলের সঙ্গে নিজেকে এক ফ্রেমে বাঁধতে পারার আনন্দে একাদশ শ্রেণিতে পড়া আল-আমিন বললেন, “বিখ্যাতদের সঙ্গে সেলফি তুলতে পারলে ভালো লাগে। যারা দেশের জন্য খেলে, তাদের সঙ্গে সেলফি তুলতে পারাটা আরও বেশি ভালো লাগার মতো একটা ব্যাপার।”

প্রিয় ফুটবলারকে কাছে পেয়েও হুড়োহুড়ির মধ্যে মামুনুলের সঙ্গে সেলফি তুলতে না পারায় হতাশ একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আম্বারিন জাহান ফারা। বললেন, “ইচ্ছা ছিল কিন্তু এত হুড়োহুড়ির মধ্যে সুযোগ পাইনি।”

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি এমনিতেই মামুনুলের ‘দ্বিতীয় ঘর’। এর আলো-ছায়ায় এলে কৈশরের দিনগুলোতে ফিরে যান তিনি। কিন্তু আদমজী কলেজের শিক্ষার্থীদের হৈ-হুল্লোড় আর কলরবে যেন নতুন করে জানান দিয়ে গেলো-সাফ শিরোপা জেতাটা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। অধিনায়কও প্রত্যয়ী কণ্ঠে প্রতিশ্রুতি দিলেন সাফল্যের।

“যখন আমরা কোথাও যাই কিংবা খেলতে নামি, তখন মানুষ যখন এভাবে ছুটে আসে, তখন সত্যিই খুব ভালো লাগে। এদের ভালোবাসা আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। এবার ওদের সাফ শিরোপার দাবিটাও আমাদের পূরণ করতে হবে।”

‘এই জন্মদিনের আনন্দ বলে বোঝানো যাবে না’

শনিবার মামুনুল পা রাখলেন ২৮ বছরে। ফুটবলের ব্যস্ততায় পরিবার-পরিজন ছেড়ে এমন জন্মদিন আরও অনেকবারই এসেছে এই মিডফিল্ডারের জীবনে। কিন্তু এবারের জন্মদিনের স্বাদ একেবারেই আলাদা বলে জানালেন মামুনুল।

“এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না; এটা প্রকাশের ভাষা জানা নেই আমার। শুধু বলতে পারি, ফুটবল যে মরেনি, ফুটবলের প্রতি মানুষের টান যে কমেনি, এটা তারই প্রমাণ।”

“সকালে সতীর্থরা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সন্ধ্যায় পরিবারের লোকজন আসবে। তখন কেক কাটব”, যোগ করেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই মিডফিল্ডার।

জন্মদিন নিয়ে উচ্ছ্বাস আছে; তবে সে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে না সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। দুপুরের খাওয়া-বিশ্রাম সেরে তাই মামুনুল ছুটলেন জিমনেশিয়ামের দিকে। ‘ফিজিক্যালি ফিট থাকতেই হবে’-কোচ মারুফুল হকের কড়া নির্দেশনা মানতে।

“আমাদের বর্তমান দলের পরিস্থিতিটা এমন যে, আপনাকে টিকে থাকতে হলে অনেক বেশি পারফর্ম করতে হবে। এখন যদি কেউ আমাকে পেছনে ফেলে জায়গাটা নিয়ে নেয়, তাহলে আমাকে জায়গা ফিরে পেতে হলে দ্বিগুণ ভালো করতে হবে।”

“সাফের প্রস্তুতির জন্য এখানে (বিকেএসপি) এসেছি আমরা। তাই অন্য কিছু নয়, ঠিকঠাক প্রস্তুতি নেওয়াটাই মূল লক্ষ্য এবং আমাদের প্রস্তুতিটাও ভালো হচ্ছে”, যোগ করেন তিনি।