শেখ জামালের সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন্সের দল
এএফসি কাপে মোটামুটি কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বৃহস্পতিবার মালয়েশিয়াতে এএফসি কাপ-২০১৬-এর ড্র অনুষ্ঠিত হয়। ‘ই’ গ্রুপে শেখ জামালের সঙ্গে আছে সিঙ্গাপুরের এস লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন ট্যামপাইন্স রোভার্স, মালয়েশিয়ার সুপার লিগের সাতবারের চ্যাম্পিয়ন সেল্যানগোর এফএ ও ফিলিপাইন্সের ঘরোয়া লিগের বর্তমান চ্যাম্পিয়ন সেরেস লা সালে এফসি।
এএফসি কাপের পারফরম্যান্সের বিচারে সেল্যানগোর গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল। এ নিয়ে পঞ্চমবারের মতো এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা আসরে খেলতে নামবে মালয়েশিয়ার দলটি।
