চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা বার্সার দেখছেন বুফ্ফন
এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা বার্সেলোনা জিতবে বলে মনে করেন ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
গত মৌসুমের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ইউভেন্তুস দলের সদস্য ছিলেন বুফ্ফন।
বার্সেলোনার অদম্য গতিতে এগিয়ে চলা দেখেই তাদের ‘ফেভারিট’ ভাবছেন ইতালির এই গোলরক্ষক।
“এটা বলা কঠিন। মৌসুমটা ১১ মাসের। আনন্দের মতো ভোগান্তির মুহূর্তও আছে।”
মৌসুমে চড়াই-উতরাইয়ের বিষয়টি বোঝাতে গত বছরের উদাহরণ টেনে আনেন বুফ্ফন। শক্তিশালী দল হয়েও গত বছর ডিসেম্বর পর্যন্ত খুব একটা আলো ছড়াতে পারছিল না বার্সেলোনা। সেই সময়ে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে বুফ্ফনের কাছে বায়ার্ন মিউনিখ বা রিয়াল মাদ্রিদকেই বেশি ফেভারিট মনে হয়েছিল।
এবার এই সময়ে সব দলের ফর্মের বিষয়টি বিবেচনা করে বুফ্ফন বলেন, “স্পেনের আর ইউরোপের দলগুলোর বিবেচনায় বার্সেলোনা নিশ্চিতভাবে সবচেয়ে শত্তিশালী।”
