২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার দাবায় জয়ের ধারায় শেখ রাসেল

জয়ের ধারায় রয়েছে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের দ্বিতীয় রাউন্ডে এবার তারা লিওনাইন চেস ক্লাবকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 07:54 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

জাতীয় ক্রীড়া পরিষদে সোমবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ৩.৫-০.৫ পয়েন্টে লিওনাইনকে হারায় শেখ রাসেল। প্রথম রাউন্ডে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের বিপক্ষে জিতেছিল তারা।

শেখ রাসেলের ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার দিপতায়ন ঘোষ ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে লিওনাইনের শামসুল কবীর চৌধুরী, মঞ্জুর আলম ও কুতুবউদ্দিনকে হারান। ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক-গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের ম্যাচটি ড্র হয়।

প্রথম রাউন্ডে শেখ রাসেলের কাছে হারা সুলতানা কামাল স্মৃতি পাঠাগার প্রথম জয় পেয়েছে। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে তারা।

সুলতানা কামাল পাঠাগারের মাসুদুর রহমান বারী ও দেওয়ান রিয়াদ যথাক্রমে গোল্ডেন স্পোর্টিংয়ের প্রান্তিক রায় ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে হারান। সুজন ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের ম্যাচটি ড্র হয়। আর গোল্ডেনের শ্রী জিৎ পল সুলতানা কামাল পাঠাগারের শফিকুল ইসলামকে হারান।

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল নিজেদের প্রথম খেলায় ৩.৫-০.৫ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে।

নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, জাতীয় চ্যাম্পিয়ন ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যথাক্রমে প্রিতম-প্রিজম চেসের শাহনাজ মোহাম্মদ ফারুক, মোকাদ্দেসুর রহমান খান ও অনতা চৌধুরীকে হারান। ইব্রাহীম হোসেন-নাসির আহমেদের ম্যাচটি ড্র হয়।