‘ব্লাটারের ঘুষ কেলেংকারির তদন্তে এফবিআই’
ফিফা সভাপতি জেপ ব্লাটারের ১০ কোটি ডলারের একটি ঘুষ কেলেংকারিতে জড়িত থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তদন্তে নেমেছে বলে জানিয়েছে বিবিসি।
‘প্যানোর্যামা: ফিফা, ব্লাটার এবং আই’ নামে বিবিসির এক ডকুমেন্টরিতে দাবি করা হয়, স্পোর্ট মার্কেটিং কোম্পানি আইএসএল ফুটবলের বিশ্ব সংস্থার সাবেক কর্মকর্তা রিকার্দো তেইশেইরা ও সাবেক সভাপতি জোয়াও হাভেলাঞ্জকে অবৈধভাবে এই অর্থ দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির তদন্তে বেরিয়ে এসেছে, ওই ঘুষের বিনিময়ে আইএসএল ১৯৯০ এর দশকে সম্প্রচার ও বিপণনস্বত্ব পায়।
৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে থাকা ব্লাটার অবশ্য ঘুষের বিষয়টি জানা থাকার কথা অস্বীকার করেছেন।
বিবিসির প্যানোর্যামার তদন্ত অনুযায়ী, ফিফাকে আইএসএলের অর্থ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে এফবিআই। ধারণা করা হচ্ছে, এফবিআই কর্মকর্তারা হাভেলাঞ্জের কাছ থেকে পাওয়া একটা চিঠি দেখছেন, যাতে বোঝা যায় ব্লাটারের পুরো প্রক্রিয়া সম্পর্কে জানতেন।
আগামী ফেব্রুয়ারিতে ফিফার সভাপতির পথ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন ব্লাটার। ১৭ বছর ধরে সংস্থাটির সভাপতি পদে আছেন তিনি।
৭৯ বছর বয়সী ব্লাটার বর্তমানে ৯০ দিনের সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। চলতি মাসের শেষের দিকে ফিফার এথিক্স কমিটির মুখোমুখি হবেন তিনি।
গত ২৯ মে পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার কদিন পরেই ফিফাকে ঘিরে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগের ঘোষণা দেন ৭৯ বছর বয়সী ব্লাটার।
