ফিফার আরও দুই শীর্ষ কর্মকর্তা গ্রেপ্তার
লাখ লাখ ডলার ঘুষ নেওয়ার সন্দেহে ফিফার শীর্ষ দুই কর্মকর্তাকে জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সুইজারল্যান্ডের পুলিশ।
সুইজারল্যান্ডের ফেডেরাল অফিস অব জাস্টিস (এফওজে) জানায়, দুই কর্মকর্তার একজন উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল ফেডারেশনের (কনকাকাফ) ভারপ্রাপ্ত সভাপতি হন্ডুরাসের আলফ্রেদো হাউইত। অন্য জন দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনের(কনমেবল) সহ-সভাপতি প্যারাগুয়ের হুয়ান আনহেল নাপৌত।
গত মে মাসে জুরিখের এই একই হোটেল থেকে ফিফার সাত শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সংস্কার নিয়ে ভোটের জন্য জুরিখে দুই দিনব্যাপী ফিফা নির্বাহী কমিটির সভা চলছে। ফিফা থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের নেওয়া এই পদক্ষেপ সম্পর্কে তারা আগে থেকেই জানত।
সুইজারল্যান্ডের আইনের আওতার মধ্যে যুক্তরাষ্ট্রের এই তদন্তে পুরো সহযোগিতা করে যাওয়ার কথাও জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অনুরোধেই সুইস পুলিশ গত মে মাসে ফিফার সাত শীর্ষ কর্মকর্তাকে আটক করে। সেই সময় সুইস কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই কর্মকর্তারা লাখ লাখ ডলার ঘুষ হিসেবে নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দুই শীর্ষ কর্মকর্তার গ্রেপ্তার হওয়া নিয়ে সুইস কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সঙ্গে লাতিন আমেরিকায় ফুটবল টুর্নামেন্টগুলোর বিপণন স্বত্ব বিক্রির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
আপাতত এই দুই কর্মকর্তা পুলিশ হেফাজতে আছেন বলে জানায় সুইস কর্তৃপক্ষ। তবে ৪০ দিনের মধ্যে ওই দুই জনকে হাতে পাওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের তদন্তের পাশাপাশি এ বছরের গোড়ার দিকে সুইস কর্তৃপক্ষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্ধারণ প্রক্রিয়া নিয়ে ফৌজদারি তদন্ত শুরু করে।
৭৯ বছর বয়সী ফিফা সভাপতি জেপ ব্লাটার ও সহ-সভাপতি ৬০ বছর বয়সী মিশেল প্লাতিনি ৯০ দিনের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এথিক্স কমিটি ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করছে। এরই মধ্যে সুইস কর্তৃপক্ষ ব্লাটারের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে।
গত মে মাসে ফিফার সাত কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ব্লাটার।
