সাউথ্যাম্পটনকে গুঁড়িয়ে সেমিতে লিভারপুল
সাউথ্যাম্পটনকে গুঁড়িয়ে দিয়ে লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে লিভারপুল।
নিজেদের মাঠে গত বুধবার লিগ কাপের চতুর্থ রাউন্ডে সাউথ্যাম্পটনকে ৬-১ গোলে হারায় ‘অল রেড’ নামে পরিচিত দলটি।
ইয়ুর্গেন ক্লপের দলকে বড় জয় এনে দিতে হ্যাটট্রিক করেন দিভক অরিজি। আর চোট কাটিয়ে ফেরার পর এই প্রথম শুরুর একাদশে খেলতে নামা ড্যানিয়েল স্টারিজ করেন জোড়া গোল।
নিজেদের মাঠে সাদিও মানের ৩৯তম সেকেন্ডের গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। এ মৌসুমে লিগ কাপের দ্রুততম গোল এটা। প্রথমার্ধেই ২৫ ও ২৯তম মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন স্টারিজ।
৪৫তম মিনিটে ব্যবধান ৩-১ করেন অরিজি। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পর ৮৬তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ মৌসুমে এর আগে ক্লাব ও দলের হয়ে ১৩ ম্যাচ খেলে কোনো গোল না পাওয়া বেলজিয়ামের এই ফরোয়ার্ড।
লিভারপুরের শেষ গোলটি করেন জর্ডন আইব।
১৯৯৫ সালের মার্চে এফএ কাপে টটেনহ্যাম হটস্পারের কাছে ৬-২ গোলে হারার পর এই প্রথম ঘরের মাঠে ৬ গোল খেল সাউথ্যাম্পটন।
এবারের লিগ কাপের অন্য তিন সেমি-ফাইনালিস্ট গত মঙ্গলবারই ঠিক হয়ে গেছে। শেষ চারে লিভারপুলের প্রতিপক্ষ স্টোক সিটি। অন্য সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে এভারটনের বিপক্ষে।
