বার্সেলোনার মতো ক্লাব দ্বিতীয়টি নেই: নেইমার
বার্সেলোনায় সময়টা খুব উপভোগ করছেন নেইমার। তারকা এই ফরোয়ার্ড মনে করেন, কাম্প নউয়ের দলটির মতো ড্রেসিং রুম বিশ্বে আর কোনো ক্লাবের নেই।
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হয়েছেন নেইমার, যে চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকার কথা তার। তবে এই চুক্তিতে এখনও সই করেননি ব্রাজিলের তারকা।
২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানো নেইমার বলেন, “আমি এখনও তারিখটা জানি না, কিন্তু শিগগিরই আমি আমার নতুন চুক্তিতে সই করব।”
“আমি বার্সেলোনায় খুব সুখে আছি। এই শহরে খুব সুখে আছি। যে রকমটা হবে বলে আমি স্বপ্ন দেখেছিলাম সবকিছু ঠিক সে রকমই। আমি সব কিছু খুব উপভোগ করছি।”
বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে বন্ধনটা খুব দৃঢ় বলে জানান নেইমার।
“আমি সবচেয়ে পছন্দ করি আবহটা। আমরা সবাই বন্ধু। আবহটা সত্যি শান্ত, আমরা দৃঢ় একটি দল গড়েছি। আর এই কারণেই আমরা এত জিতি। এমনটা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন হবে। বার্সেলোনার মতো কোনো ক্লাব নেই।”
“আক্রমণভাগের ত্রয়ীর সাফল্যের পেছনের রহস্য হচ্ছে আমাদের বন্ধুত্ব। আমরা জানি যে আমরা ইতিহাস গড়েছি। আর এক সঙ্গে আমরা আরও শক্তিশালী। মাঠে আর মাঠের বাইরে আমরা বন্ধু। আর এটা দলের জন্য সত্যি ভালো।”
লা লিগায় কাতালান ক্লাবটির পরের ম্যাচ শনিবার কাম্প নউতে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে।
