২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা অ্যাথলেট হওয়ার দৌড়ে বোল্ট

আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) বর্ষসেরা পুরস্কার জয়ের লড়াইয়ে আছেন উসাইন বোল্ট, অ্যাশটন ইটন ও ক্রিস্টিয়ান টেইলর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 05:34 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

আইএএএফ গত বুধবার ছেলেদের বিভাগে এই পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।
 
জ্যামাইকার স্প্রিন্টার বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারের সঙ্গে ৪*১০০ মিটার রিলের সোনার পদকও ধরে রাখেন।    
 
২৯ বছর বয়সী এই স্প্রিন্টার যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের সোনা জেতেন। আর ২০০ মিটার স্প্রিন্ট জিততে তিনি সময় নেন ১৯.৫৫ সেকেন্ড। 
 
যুক্তরাষ্ট্রের ২৭ বছর বয়সী ইটন টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের ডেকাথলনে সোনা জেতেন। ৯ হাজার ৪৫ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ডও গড়েন তিনি। 
 
২৫ বছর বয়সী টেইলর ট্রিপল জাম্পে উত্তর আমেরিকার রেকর্ড গড়ে (১৮.১২ মিটার) বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা জেতেন। 
 
মেয়েদের বিভাগে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন জেনজেবে দিবাবা, ডাফনে শিপার্স ও আনিতা ভোদারচুক।
 
ইথিওপিয়ার দিবাবা বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১ হাজার ৫০০ মিটার দৌড়ের শিরোপা জেতেন। এর এক মাস আগে মোনাকোতে ডায়মন্ড লিগে ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডে ১ হাজার ৫০০ মিটার শেষ করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। 
 
২৪ বছর বয়সী এই অ্যাথলেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫ হাজার মিটারে ব্রোঞ্জ পদক জেতেন।         
 
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার স্প্রিন্টের পদক জিততে ইউরোপিয়ান ও চ্যাম্পিয়নশিপ রেকর্ড (২১.৬৩ সেকেন্ড) গড়েন নেদারল্যান্ডসের শিপার্স। ‌১০০ মিটার স্প্রিন্টে রূপার পদক জেতেন তিনি।  
 
পোল্যান্ডের ৩০ বছর বয়সী ভোদারচুক হ্যামার থ্রোয়ে চীনে বিশ্ব চ্যাম্পিয়নশিপসহ অংশ নেওয়া এগারটি প্রতিযোগিতাই জেতেন।
 
৮০ মিটারের বেশি দূরে হ্যামার নিক্ষেপ করা প্রথম নারী ভোদারচুক। গত অগাস্টে ৮১.০৮ মিটার দূরে নিক্ষেপ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।
 
১০ জন বিশেষজ্ঞের সমন্বয়ে পড়া একটি আন্তর্জাতিক প্যানেল মনোনীতদের বেছে নেয়।