নিরাপত্তা নয়, এখন খেলায় মনোযোগ অস্ট্রেলিয়ার
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করার পর দেশটির ফুটবল ফেডারেশনও একই পথ ধরেছিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে না আসার জন্য ফিফা ও এএফসির কাছে দেনদরবারও করেছিল অনেক। কিন্তু ঢাকায় পা রাখার পর সেই অস্ট্রেলিয়ার ফুটবল দলের অধিনায়ক জানালেন, নিরাপত্তা নয়, ম্যাচের দিকেই সব মনোযোগ তাদের!
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের ম্যাচ সোমবার রাত সাড়ে আটটায় খেলতে ঢাকায় পা রাখে অস্ট্রেলিয়া। মঙ্গলবারের ম্যাচ সামনে রেখে আগের দিন রাতে সংবাদ সম্মেলনে নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে হয় অস্ট্রেলিয়া অধিনায়ক মাইল জেডিন্যাককে।
নিরাপত্তার বিষয়টি অন্যদের ওপর ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, “আমরা নিরাপত্তা নিয়ে ভাবছি না। এটা অন্যদের ব্যাপার। আমরা শুধু ম্যাচ নিয়ে ভাবছি। খেলার দিকেই এখন মনোযোগ আমাদের।”
ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়ার (এফএফএ) দুই নিরাপত্তা কর্মকর্তা ঢাকায় এসে সব দেখেশুনে সন্তোষ জানিয়ে বলেছিলেন, ১৪ নভেম্বরেই বাংলাদেশে আসবে দল। কিন্তু শেষ মুহূর্তে আসা পিছিয়ে দেয় তারা।
এরপর এফএফএ জানায়, সিঙ্গাপুর হয়ে ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টায় ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। কিন্তু আড়াই ঘণ্টা দেরি করে পৌঁছায় তারা। ফিফার বিধি অনুযায়ী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন বাধ্যতামূলক বলে রাত ১০টায় করা হয় তা।
যে মাঠে খেলা, সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেখা হয়নি অস্ট্রেলিয়ার। তবে মাঠ, কন্ডিশন নিয়ে না ভাবার কথা জানান দলটির কোচ পোস্তেকগলু। নিজেদের মাঠে খেলা বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার কথাও জানান তিনি।
প্রথম লেগে নিজেদের মাঠে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের স্মৃতি রোমন্থনের চেয়ে কিরগিজস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পাওয়ার জয়ের ধারাবাহিকতা ধরে রাখার দিকে বেশি মনোযোগ দেওয়ার কথাও জানান অস্ট্রেলিয়া কোচ।
