২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বিপক্ষে মেসিকে না খেলাতে অনুরোধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসিকে খেলানো উচিত হবে না বলে মনে করেন আর্জেন্টিনা দলের চিকিৎসক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:14 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে আনলে আর্জেন্টিনা অধিনায়কের আবার মাঠের বাইরে ছিটকে পড়ার ঝুঁকি আছে বলে মনে করেন ওমেরো দে আগোস্তিনো।

গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে চোট পান মেসি। এর পর থেকে মাঠের বাইরে আছেন তিনি।

নতুন সপ্তাহে বার্সেলোনার প্রথম অনুশীলনে মেসি যোগ দেওয়ার পর বার্সেলোনা সমর্থকরা ভাবছেন, রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে হয়ত 'ফিট' হয়ে উঠবেন তিনি। গত মৌসুমে ট্রেবল জেতা দলটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউও একই আশার কথা জানান।

'এল ক্লাসিকো' নামে পরিচিত চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইটি সান্তিয়াগো বের্নাবেউতে হবে আগামী ২১ নভেম্বর। এই লড়াইয়ের আগে মেসির সেরে ওঠা নিয়ে দে আগোস্তিনো সন্দিহান।

"মেসি এল ক্লাসিকোতে খেললে চোটের অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি বেশি।"

"আমার মনে হয় না যে, ক্লাসিকোতে খেলার অবস্থায় সে পৌঁছাতে পারবে। নতুন সেরে ওঠা একজন খেলোয়াড়ের উপর কোচ নির্ভর করতে পারে না", যোগ করেন দে আগোস্তিনো।"

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচের আর্জেন্টিনা দলে মেসিকে রাখেননি কোচ জেরার্দো মার্তিনো।

বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর কলম্বিয়ার বিপক্ষে মার্তিনোর দল মাঠে নামবে বাংলাদেশ সময় বুধবার রাতে।