প্রস্তুতির ঘাটতি নিয়েই ভালোর আশা হকি দলের
কোচের মতো অধিনায়কও জানালেন প্রস্তুতির ঘাটতির কথা। তবে হকির জুনিয়র এশিয়া কাপ খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে দুজনেই দিলেন ভালো কিছু নিয়ে ফেরার প্রতিশ্রুতি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে মঙ্গলবার জুনিয়র এশিয়া কাপের লক্ষ্য নিয়ে কথা বলেন কোচ মাহবুব হারুন ও অধিনায়ক অসীম গোপ। তলানিতে থেকে জুনিয়র এশিয়া কাপ শেষ করতে না চাওয়াটা প্রত্যয়ের সঙ্গেই জানান দুজনে।
আগামী ১৪ নভেম্বর মালয়েশিয়াতে শুরু হওয়া এই আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া, পাকিস্তান ও ওমান। উদ্বোধনী দিনে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অসিম-সারোয়ারদের পরের দুটি ম্যাচ ১৫ ও ১৭ নভেম্বরে।
তিন প্রতিপক্ষের মধ্যে ওমানই বাংলাদেশের সমমানের। তবে কোচ জানালেন, কোনো প্রতিপক্ষকেই বাড়তি গুরুত্ব দিতে রাজি নন তিনি, “সব প্রতিপক্ষকেই আমি এক চোখে দেখি। কেবল ওমান আমার লক্ষ্য নয়; সব দলই আমার প্রতিপক্ষ।”
এই আসরের সেরা চারে থাকা দলগুলো ২০১৬ সালে ভারতের জুনিয়র বিশ্বকাপে খেলার টিকেট পাবে। এ গ্রুপে থাকা ভারত অবশ্য বিশ্বকাপের স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে। বাকি তিনটি স্থানের জন্য লড়াই থাকবে সাত দলের মধ্যে।
বিশ্বকাপ নিয়ে লক্ষ্যটা স্পষ্ট না জানালেও হারুন বলেন, “সবার নিচে থেকে যেন আমরা এই আসরটা শেষ না করি; এটাই প্রথম লক্ষ্য। সেমি-ফাইনালে খেলার চেষ্টা তো অবশ্যই থাকবে।”
২৫ সেশনের প্রস্তুতি নিয়ে খুব বেশি খুশি নন কোচ, “দেখুন, আরও দিন দশেক সময় পেলে জুনিয়র এশিয়ার কাপের লক্ষ্যটা পরিষ্কারভাবে জানিয়ে যেতে পারতাম।”
প্রস্তুতি নিয়ে কোচের সুরে সুর মিলিয়ে অধিনায়ক অসীমও প্রতিশ্রুতি দিলেন সেরাটা নিংড়ে দেওয়ার, “অনুশীলনে কোচ আমাদের তার পরিকল্পনা বুঝিয়ে দিয়েছেন। গোলরক্ষক হিসেবে আমি ব্যক্তিগতভাবে ভালো খেলার চেষ্টা করব। টিম গেম খেলতে পারলে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারব বলে আশা করি আমি।”
কোচের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার খোরশেদুর রহমান জানান, বর্তমান দলটির মধ্যে বোঝাপড়া বেশ ভালো।
“এর আগেও আমাদের অনেকে এই কোচের সঙ্গে কাজ করেছে; তার মনোভাব, পরিকল্পনাটা তারা জানে। দলের উঠতিদের মধ্যে যারা এটা জানে না, আমরা তাদেরকে বুঝিয়ে বলেছি। দলের সবার মধ্যে বোঝাপড়া ভালো। আশা করি, ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারব।”
আগামী বুধবার রাত ১১টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
