বার্সার বিপক্ষে 'ঘুরে দাঁড়াবে' রিয়াল
সেভিয়ার কাছে হেরে হতাশ হলেও রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেস হাল ছাড়ছেন না। তার আশা, বার্সেলোনার বিপক্ষেই ঘুরে দাঁড়াবে তার দল।
আগামী ২১ নভেম্বর রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই দল।
লা লিগায় গত রোববারের ম্যাচে সেভিয়ার মাঠে শুরুতে এগিয়ে গেলেও টানা তিন গোল খেয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারে রিয়াল। প্রতিক্রিয়া দিতে এসে হারের হতাশা ও ক্লাসিকো নিয়ে নিজের আশার কথা বলেন বেনিতেস।
“কিছু খেলোয়াড়কে আমরা ফিরে পেতে যাচ্ছি। এ ধরনের ম্যাচ সবসময়ই আলাদা এবং আমার প্রত্যাশা, (সেভিয়ার কাছে) এই হার থেকে দল ঘুরে দাঁড়াবে।”
সেভিয়ার সঙ্গে জিততে না পারায় লা লিগায় শীর্ষে ফেরার সুযোগ হারায় রিয়াল; ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের সফলতম দলটি।
১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
