২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনিয়োর পাশেই আছেন চেলসির খেলোয়াড়রা

চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছিল জোসে মরিনিয়োকে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির কাছে চেলসির হারে আবার তা উবে গেছে। পর্তুগিজ এই কোচের এখন সান্ত্বনা একটাই, এই দু:সময়েও শিষ্যদের পাশেই পাচ্ছেন তিনি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 08:31 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

গত শনিবার স্টোক সিটির মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে চেলসি। লিগে এটি চেলসির ১২ ম্যাচে সপ্তম হার। এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে স্টেডিয়ামে থাকতে পারেননি মরিনিয়ো।

লিগের বর্তমান চ্যাম্পিয়নদের নতুন মৌসুমটা খুবই বাজে কাটছে। স্টোক সিটির কাছে হারের পর ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার ষোড়শ স্থানে আছে চেলসি।

চেলসিতে মরিনিয়োর ভবিষ্যতে নিয়ে অনেক আগেই প্রশ্ন উঠেছিল। স্টোকের কাছে হেরে যাওয়ার পর এই আলোচনায় আবার জোর হাওয়া লেগেছে। কিন্তু ম্যাচ শেষে ক্লাবটির খেলোয়াড়রা তাদের অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।

চেলসি খেলোয়াড়দের মনের কথাটা ম্যাচ শেষে জানিয়ে দেন গোলরক্ষক আসমির বেগোভিচ।

“আমরা কোচের পাশেই আছি। আপনারা এটা আমাদের পারফরম্যান্স থেকেই দেখতে পারেন।”

বেগোভিচ মনে করেন, চেলসির কোচ হিসেবে মরিনিয়োই সঠিক ব্যক্তি।