রিয়ালের খেলা দেখেন না নেইমার!
প্রতিপক্ষের খেলায় চোখ রাখেন অনেকে; কিন্তু নেইমারের এসব নিয়ে কোনো আগ্রহই নেই। এমনকি চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের খেলাও বার্সেলোনার এই ফরোয়ার্ডকে টানে না!
২৩ বছর বয়সী নেইমার জানান, শুধু বার্সেলোনার খেলা হলেই দেখেন তিনি।
“যখন বার্সেলোনা খেলে না, তখন আমি ফুটবল ম্যাচ দেখতে পছন্দ করি না। আমি রিয়ালের খেলা দেখি না; অন্যদের খেলাও দেখি না। আমি যেটা দেখি না, সেটা নিয়ে মন্তব্য করতে পারি না।”
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ আলো ছড়াচ্ছেন নেইমার। লিগ লা লিগায় এরই মধ্যে নয় গোল করেন। আর চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে বাতে বরিসভের বিপক্ষে বার্সেলোনার জয়ে করেন দুই গোল।
নেইমার জানান, কাম্প নউতে মানিয়ে নিতে পারায় মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে খেলাটা উপভোগ করছেন তিনি।
চোটের কারণে এ মুহূর্তে দলের বাইরে রয়েছেন বার্সেলোনার সেরা খেলোয়াড় লিওনেল মেসি।
মেসি-নেইমার-সুয়ারেস ত্রয়ী সেরা কিনা এমন প্রশ্নের উত্তর কৌশলেই দিয়েছেন সান্তোসের এই সাবেক ফরোয়ার্ড, “জানি না আমরা সেরা কিনা; কিন্তু আমাদের (দলে) বড় মাপের খেলোয়াড় আছে।”
লা লিগায় রিয়ালের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। লিগের মুকুট ধরে রাখার সম্ভাবনা ভালোভাবেই আছে লুইস এনরিকের দলের।
ইউরোপ সেরার এবারের আসরের নকআউট পর্বে ওঠা অনেকটাই নিশ্চিত করেছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আশাবাদী হয়ে উঠছেন নেইমারও, “আশা করি, অনেক বছর ধরে আমরা সেরা ছন্দে থাকতে পারব।”
