২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনিয়োর উইলিয়ান-বন্দনা

দিনামো কিয়েভের বিপক্ষে উইলিয়ানের খেলা দেখে মুগ্ধ জোসে মরিনিয়ো। ব্রাজিলের এই মিডফিল্ডারের করা জয়সূচক গোলটি অনন্য ছিল বলে উল্লেখ করেছেন চেলসির কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 04:48 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে গত বুধবার নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কিয়েভকে ২-১ গোলে হারায় চেলসি।

মরিনিয়োর দলের জয়সূচক গোলটি ৮৩তম মিনিটে অসাধারণ ফ্রি-কিক থেকে করেন উইলিয়ান। 

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ নয় ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির এটা দ্বিতীয় জয়। স্বস্তি ফেরানো এই জয়ের কৃতিত্ব শিষ্যদের ভাগ করে দেন মরিনিয়ো।
 

“সবাই তাদের কাজ খুব ভালোভাবে করেছে। কিন্তু আমার পক্ষে কিছু ব্যক্তি নৈপুণ্য ভুলে যাওয়াটা কঠিন।” মরিনিয়ো এর পর উইলিয়ানের কথা আলাদা করে বলেন।  “তবে উইলিয়ানকে ভিন্ন চোখে দেখাই ঠিক হবে। কারণ, তার কাজের পরিমাণ, বলের উপর দক্ষতা, প্রথম গোলে তার অবদান এবং অনন্য দ্বিতীয় গোল।” মরিনিয়ো উল্লেখ করেন, শুধু এই ম্যাচেই নয়, উইলিয়ান গত অনেক দিন ধরেই ভালো খেলছেন।  একটি পরিসংখ্যানও মরিনিয়োর কথাকেই সমর্থন করে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ গোল নিয়ে এ মৌসুমে চেলসির সর্বোচ্চ গোলদাতা ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।