ইয়্যুথ আর্চারিতে বিকেএসপির মেয়েদের সাফল্য
জাতীয় ইয়্যুথ আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে এককের তিনটি পদকই জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির মেয়েরা।
আর্চারি ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গির আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে এককের সোনা, রূপা ও ব্রোঞ্জ-তিন পদকই জিতেছে বিকেএসপির মেয়েরা।
দলগত ইভেন্টের সোনাও জিতেছে বিকেএসপির মেয়েরা। এই বিভাগে সরকারি বাংলা কলেজ রূপা ও ওল্ড আইডিয়ালস এসোসিয়েশন ব্রোঞ্জ পেয়েছে।
পুরুষ বিভাগের এককে দাপট দেখিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের তীরন্দাজরা। এই ইভেন্টের সোনা, রূপা ও ব্রোঞ্জ জিতেছে তারা। কোয়ান্টাম ফাউন্ডেশনের ছেলেরা দলগত ইভেন্টেরও সেরা হয়েছে।
দলগত ইভেন্টে বিকেএসপির ছেলেরা রূপা ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা ব্রোঞ্জ পেয়েছে।
মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপি সোনা, সরকারি বাংলা কলেজ রূপা ও টিম ব্লেজার বিডি ব্রোঞ্জ পদক জয় করে।
