২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার 'অনন্য'

মৌসুমের শুরু থেকেই অসাধারণ খেলছেন নেইমার। লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সেলোনায় প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। গেতাফের বিপক্ষে আরেকবার জ্বলে ওঠা ব্রাজিলের এই ফরোয়ার্ডকে 'অনন্য' বলেছেন কোচ লুইস এনরিকে।    

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 05:51 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

শনিবার রাতে গেতাফেকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পাশেই থাকলো কাতালুনিয়ার দলটি।

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর প্রথম মৌসুম কিছুটা খারাপ কাটলেও গত মৌসুমে জ্বলে ওঠেন নেইমার। আর এই মৌসুমের শুরু থেকেই খেলছেন দারুণ।

গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মেসি চোট পেয়ে ছিটকে পড়ার পর নেইমার যেন বার্সেলোনার কাণ্ডারি হয়ে উঠেছেন। এ পর্যন্ত লা লিগায় সর্বোচ্চ ৯টি গোল করেছেন তিনি, যার পাঁচটিই করেন মেসির অনুপস্থিতিতে।

গেতাফের বিপক্ষে যেমন জয়সূচক গোলটি নেইমারের পা থেকেই আসে। এটা ছাড়া পুরো ম্যাচেই দারুণ খেলেন ২৩ বছর বয়সী এই তারকা।

নেইমারের প্রশংসায় সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, "সে আমাদের অনেক কিছু দিয়েছে, সব বিষয়েই সে অনন্য। সে আমাদের জন্য গোল করে, করায়, রক্ষণেও সাহায্য করে। দিনে দিনে সে উন্নতি করে যাচ্ছে।"

ভবিষ্যতে নেইমার তার উন্নতির ধারাবাহিকতা ধরে রাখবে বলেও আশা প্রকাশ করেন এনরিকে।

নেইমারের প্রশংসা করে সতীর্থ সুয়ারেস বলেন, "সবাই জানে, দলে তাদের দায়িত্ব কি। আমি তিন চার জনকে কাটাতে পারবো না- এটা নেইমারের কাজ।"

পুরনো খবর:

মেসির অনুপস্থিতিতে দলের একতায় খুশি এনরিকে
নেইমার-সুয়ারেসে বার্সার সহজ জয়