২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার-সুয়ারেসে বার্সার সহজ জয়

দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির অনুপস্থিতি বুঝতেই দিচ্ছেন না নেইমার ও লুইস সুয়ারেস। এই দুই তারকার দুই গোলে গেতাফেকে সহজেই হারিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 03:36 AM

Updated : 12 Oct 2022, 04:20 PM

পুরনো খবর:

রিয়ালের জয়ে রোনালদোর গোল

২-০ গোলের এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে পয়েন্টে ধরে ফেলল লুইস এনরিকের দল।

শনিবার রাতে গেতাফের মাঠে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। নেইমারের ক্রসে বাই-সাইকেল কিক করতে পারেননি মুনির এল হাদ্দাদি।

স্বাগতিকরাও সুযোগ তৈরি করতে বেশি সময় নেয়নি। দ্বাদশ মিনিটে বাঁ দিক থেকে ক্রস পেলেও গোল করতে পারেননি ফাঁকায় দাঁড়ানো থাকা স্তেফান স্কেপোভিচ।

চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা মেসি মাঠের বাইরে থাকলেও নেইমার-সুয়ারেস জুটিতে একের পর এক আক্রমণ চালাতে সমস্যা হয়নি বার্সেলোনার। তবে কাঙ্ক্ষিত গোলটি পেতে বর্তমান চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয় ৩৭তম মিনিট পর্যন্ত।

বাঁ দিক থেকে বল নিয়ে এগিয়ে নেইমার পাস দিয়েছিলেন সের্হিও রবের্তোতে। তার কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোলরক্ষককে ফাঁকি দেন সুয়ারেস। লা লিগায় এ মৌসুমে এটা উরুগুয়ের এই তারকার অষ্টম গোল।

বিরতির পর ৫৮তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। রবের্তোর লম্বা পাস থেকে দারুণ ভলিতে জালে জড়ান নেইমার।

এ মৌসুমে লা লিগায় নিজের নবম গোলটি করে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন এই ব্রাজিলের এই ফরোয়ার্ড।

৭৫তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন নেইমার। পায়ের কারসাজিতে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে তিনি বল বাড়ান ডি-বক্সে। সেখানে থাকা জর্দি আলবার শট গোলরক্ষকের গায়ে লাগে।

এরপর বার্সার আরও কয়েকটি আক্রমণেও ব্যবধান বাড়েনি।

শনিবার আগের ম্যাচে লাস পালমাসকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচে রিয়ালের সমান ২৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।