২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের জয়ে রোনালদোর গোল

চোট সমস্যা নিয়েও লাস পালমাসকে হারাতে বেগ পেতে হয়নি রিয়াল মাদ্রিদকে। ১৩ মৌসুম পর লা লিগায় ফেরা ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়েছে রাফায়েল বেনিতেসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 11:26 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ইসকো ও ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। পালমাসের মিডফিল্ডার হের্নান ব্যবধান কমালেও খানিক বাদেই রিয়ালের তৃতীয় গোলটি করেন হেসে রদ্রিগেস।

চোটের কারণে আক্রমণভাগে করিম বেনজেমা-গ্যারেথ বেল, মাঝ মাঠে হামেস রদ্রিগেস, রক্ষণে সের্হিও রামোস ও পোস্টের নিচে কেইলর নাভাস ছিলেন না। তারপরও পালমাসের বিপক্ষে ঘরের মাঠে রিয়ালের শুরুটা হয় চমৎকার। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা।

লুকা মদ্রিচের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সের মধ্যে বিনা বাধায় অল্প একটু এগিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ইসকো।

প্রথম নয় রাউন্ডে ২১ গোল করার আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা রিয়াল খানিক বাদে ব্যবধান বাড়িয়ে নেয়। চতুর্দশ মিনিটে বাঁ দিক থেকে মার্সেলোর উঁচু পাসে ঝাঁপিয়ে পড়ে হেড করে বল জালে জড়ান রোনালদো।

এই মৌসুমেই লা লিগায় উঠে আসা পালমাসের বিপক্ষে রোনালদোর এটাই প্রথম ম্যাচ। এ নিয়ে স্পেনের শীর্ষ লিগে ৩০টি দলের বিপক্ষে খেলে প্রত্যেকের জালেই গোল করলেন পর্তুগিজ অধিনায়ক।

এবারের লিগে রোনালদোর এটা অষ্টম গোল। নেইমারের সঙ্গে এখন সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ অধিনায়ক।

অষ্টাদশ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পালমাস। দুরূহ কোণ থেকে ভালো শট নিয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার জোনাথন ভিয়েরা। কিন্তু সেটা ঠেকিয়ে দেন রিয়ালের নিয়মিত গোলরক্ষক কেইলরের নাভাসের জায়গায় খেলতে নামা কিকো কাসিয়া।

২৬তম মিনিটে এক জনকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন হেসে। শটও নিয়েছিলেন তিনি, কিন্তু পা বাড়িয়ে কোনোমতে সেটা ঠেকান পালমাস গোলরক্ষক।

৩৪তম মিনিটে আরেকটি সুযোগ হারায় রিয়াল। ডান দিক থেকে হেসে রদ্রিগেসের গোলমুখে বাড়ানো পাস থেকে ছুটে এসে শট নেন ইসকো। দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক জাভি ভারাস।

চার মিনিট পর ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেয় পালমাস। মরক্কোর মিডফিল্ডার নাবিল এল ঝারের উঁচু করে বাড়ানো বলে হেডে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার হের্নান।

খানিক বাদেই দারুণ এক গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেন হেসে। ৪৩তম মিনিটে বাঁ দিকে এক জনকে কাটিয়ে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে বল জালে জড়ান স্প্যানিশ এই ফরোয়ার্ড।

৫৭তম মিনিটে কাসিয়ার নৈপুণ্যে গোল খাওয়া থেকে বেঁচে যায় রিয়াল। স্প্যানিশ স্ট্রাইকার ভিয়েরার বিদ্যুৎ গতির একটি ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান কাসিয়া।

৮৭তম মিনিটে পালমাসের আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আরাউহোর দুরূহ কোণ থেকে নেওয়া শট একটুর জন্য লক্ষভ্রষ্ট হয়। পরে যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও রোনালদো বল জড়াতে ব্যর্থ হলে রিয়ালের জয়ের ব্যবধান আর বাড়েনি।

এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১০ ম্যাচে হলো ২৪।