২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নয়, শিরোপা চাই চট্টগ্রাম আবাহনীর

চট্টগ্রাম আবাহনী-ইস্ট বেঙ্গল ফাইনাল বলেই ঘুরে ফিরে আসছে প্রতিশোধ শব্দটি। তবে শিরোপা নির্ধারণী লড়াই সামনে রেখে প্রতিশোধের দামামা না বাজালেও চট্টগ্রাম আবাহনী কোচ শফিকুল ইসলাম মানিক গ্রুপ পর্বের সেই হারের জবাবটা দেওয়ার লক্ষ্য ঠিকই জানালেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 05:28 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী শুক্রবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে শিষ্যদের ওপর আস্থা রেখে মানিক শিরোপা জয়ের চাওয়াটা জানান। 
 
“প্রতিশোধের কথা বলতে চাই না। শিরোপা জিততে হলে আমাদের জয় চাই। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়ব।”
 
“যদি আমরা আত্মবিশ্বাসী থাকি আর ওদেরকে চাপ দিতে পারি, তাহলে আমরাই জিতব”, যোগ করেন তিনি।
 
ফাইনালের ‍দুই দলের মধ্যে ইস্ট বেঙ্গল অপরাজিত; অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর একমাত্র হারটি গ্রুপ পর্বে কলকাতার এই দলের কাছেই।
 
শিরোপা লড়াইয়ে নামার আগে তাই ইস্ট বেঙ্গলকে সমীহ করছেন চট্টগ্রাম আবাহনীর কোচ।
 
“তারা শক্তিশালী দল। এ ধরনের টুর্নামেন্টে তারা খেলতে অভ্যস্ত; ওদের শান্তভাব দেখেই সেটা বোঝা যায়। তবে এমিলিরাও ভালো দলে খেলেছে এবং আমি মনে করি, মনোবল দিয়ে আমার ছেলেরা সে ঘাটতি পুষিয়ে নিতে পারবে।”
 
টানা খেলে যাওয়ার ক্লান্তিকে হারাতে পারেনি ঢাকা মোহামেডান। ইস্ট বেঙ্গলের বিপক্ষের সেমি-ফাইনালে ঘরোয়া লিগের ঐতিহ্যবাহী দলটির খেলোয়াড়রা বলার মতো কোনো প্রতিরোধই গড়তে পারেনি। অন্যদিকে স্বাচ্ছন্দ্যে টানা খেলে চলেছে ইস্ট বেঙ্গল। ‘ফিটনেস’ বিবেচনায় ফাইনালের প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন মানিকও।
 
প্রতিপক্ষ দলের বিদেশি খেলোয়াড়দের মান অনেক ভালো জানিয়ে মানিক শিষ্যদের সতর্কও করে দেন, “দুটি দলই ‘ডেথ’ গ্রুপ পেরিয়ে এসেছে। তারা এখন পর্যন্ত অপরাজিত। তাদের হারিয়ে শিরোপা জিততে চাই আমরা। তবে খেয়াল রাখতে হবে, ছোটখাট ভুল করা যাবে না; এটা না হলে আমার মনে হয় জেতা যাবে।”

ইস্ট বেঙ্গলের বিপক্ষে চট্টগ্রাম আবাহনী জিতলে  স্থানীয় ফুটবলে চাঙ্গাভাব ফিরবে বলেও বিশ্বাস মানিকের।
 
“আমার বিশ্বাস, চট্টগ্রাম আবাহনী জিতলে এখানকার ফুটবল ঘুরে দাঁড়াবে; চট্টগ্রামের ফুটবলে জৌলুস ফিরবে।”