ইস্ট বেঙ্গলের ‘অস্তিত্বের লড়াই’
লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে আসায় ইস্ট বেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যর মুখে নতুন সুর। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ফাইনালকে নিজ দলের জন্য ‘অস্তিত্বের লড়াই’ বলেছেন তিনি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে ফাইনাল নিয়ে নিজের পরিকল্পনা ও আশাবাদ জানান বিশ্বজিৎ।
আই লিগে খেলার কারণে মূল দলের ১৪ ফুটবলারকে ছাড়া বাংলাদেশে আসার সময় ভারতের গণমাধ্যমের ভাবনার কথা জানিয়ে ইস্ট বেঙ্গল কোচ বলেন, “দেখুন আমরা যখন কলকাতা ছেড়ে এখানে আসি; তখন আমাদের ওপর চাপ ছিল। চাপ নিয়েই এখানে খেলোয়াড়রাও এসেছে। দলটা দেখে আমাদের দেশের সাংবাদিকরা আমাদের খুব হেয় করেছে।”
“এখানে আমরা লক্ষ্য নিয়ে এসেছি এবং তা পূরণের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা প্রমাণ করার চেষ্টা করব আমাদের সে (শিরোপা জয়ের) যোগ্যতা আছে”, যোগ করেন তিনি।
ভারতের গণমাধ্যমের ধারণার জবাব দিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হবার পর সেমি-ফাইনালে ঢাকা মোহামেডানকে কোণঠাসা করে জিতেছে ইস্ট বেঙ্গল। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলা দলটির কোচ অবশ্য ফাইনালের আগেও মাটিতে পা রাখলেন।
“আমরা প্রমাণ করেছি, আমরা কোথায় আছি। এটা (ম্যাচটা) আমাদের জন্য অস্তিত্বের লড়াই। আমরা নিশ্চয়ই ভালো ফল পাব।”
“এই ছেলেরা দলের অনিয়মিত খেলোয়াড় ছিল। ওরা নিয়মিত খেলেছে এবং ওরাও প্রমাণ করেছে নিয়মিত খেলতে পারলে ওরা আরও ভালো করতে পারে”, যোগ করেন তিনি।
চট্টগ্রাম আবাহনীকে হারিয়েই এই আসরের গ্রুপ পর্ব শুরু করে ইস্ট বেঙ্গল। তবে ফাইনাল বলেই টুর্নামেন্টের স্বাগতিক দলটিকে একটু বেশি সমীহ করছেন আইলিগের তিনবারের চ্যাম্পিয়ন দলের কোচ।
“এই দলটাকে (চট্টগ্রাম আবাহনী)আমরা হারিয়েছি কিন্তু সেটা প্রথম ম্যাচ ছিল। তারা এখন পুরোপুরি পরিপক্ক এবং আস্তে আস্তে তারা নিজেদের কম্বিনেশন ঠিক করেছে। আমার মনে হয়, আপনারা খুব ভালো একটা খেলা উপভোগ করতে পারবেন।”
