নেইমার আমার উত্তরাধিকারী: রোনালদিনিয়ো
লিওনেল মেসির অভাবটা বার্সেলোনায় খুব ভালোভাবেই পূরণ করে চলেছেন নেইমার। ব্রাজিলের এই তারকার খেলা দেখে দারুণ মুগ্ধ ক্লাবটির সাবেক প্লেমেকার রোনালদিনিয়ো। স্বদেশি ফরোয়ার্ডকে নিজের যোগ্য উত্তরাধিকারী বলে উল্লেখ করেছেন তিনি।
চোটের কারণে মেসি মাঠের বাইরে চলে যাওয়ার পর এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে বার্সেলোনা। মেসিবিহীন এই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১১ বার বল পাঠায় কাম্প নউয়ের দলটি। এর মধ্যে ১০টি গোলের সঙ্গেই জড়িয়ে আছে নেইমারের নাম। পাঁচটি গোল তিনি নিজে করেন। বাকি পাঁচটি গোল হয়েছে তার সহায়তায়।
বার্সেলোনার অপ্রতিরোধ্য এক দলে পরিণত হয়ে ওঠার পেছনে রোনালদিনিয়োর অন্যতম ভূমিকা ছিল বলে মনে করেন ফুটবল পণ্ডিতদের অনেকেই। কাম্প নউয়ে ব্রাজিলের সাবেক এই তারকা স্মরণীয় এক নাম।
নেইমারও একদিন তার মতো ইতিহাস গড়বেন বলে বিশ্বাস রোনালদিনিয়োর।
“সে অসাধারণ এক খেলোয়াড় এবং নিশ্চয়ই সে ইতিহাস গড়তে যাচ্ছে।”
স্পেনের পত্রিকা মার্কার সঙ্গে কথা বলার সময় নেইমারকে নিজের ‘উত্তরাধিকারী’ আখ্যা দিয়ে রোনালদিনিয়ো বলেন, “নেইমার তাই করবে, যেটা তার আগে আসা ব্রাজিলিয়ানরা করেছে।”
কিছুদিন আগে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় রোনালদিনিয়োর। এখন তিনি কোনো ক্লাবে নেই। তবে আগামী বছর আবার ফুটবলে ফিরবেন বলে জানান এসি মিলানের সাবেক এই তারকা।
