পিএসজির জয়ে ইব্রা-কাভানির গোল
সাঁত এতিয়েনকে উড়িয়ে দিয়ে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটা আরও মজবুত করেছে পিএসজি। গত মৌসুমের চ্যাম্পিয়নদের বড় জয়ে গোল পেয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ ও এদিনসন কাভানি।
নিজেদের মাঠে গত রোববার এতিয়েনকে ৪-১ গোলে হারায় পিএসজি। ম্যাচের পাঁচ গোলের চারটিই হয় দ্বিতীয়ার্ধে।
লেফট-ব্যাক কুজাভার গোলে ২৩তম মিনিটে এগিয়ে যায় পিএসজি।
৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি। ৯ মিনিট পর স্কোরশিটে নাম লেখান দলটির সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।
মার্কো ভেরাত্তির আত্মঘাতী গোলে ৭৩তম মিনিটে ব্যবধান কমে এতিয়েনের। তবে ৮৭তম মিনিটে লুকাস মউরার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
গোল না পেলেও ভালো ফুটবল উপহার দেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
এই জয়ে ১১ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অঁজি।
