চট্টগ্রামের 'প্রাণহীন' ফুটবলে নতুন স্পন্দন
চট্টগ্রামের 'প্রাণহীন' ফুটবলে শুরু হয়েছে স্পন্দন। অনেক ‘হতাশার’ মাঝে আশার আলো হয়ে এসেছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। চট্টগ্রাম আবাহনীর আয়োজনে উপমহাদেশের সেরা সব ক্লাব নিয়ে এই আসর বন্দরনগরীর ফুটবলে প্রাণ ফিরিয়ে আনবে বলে আশা করছেন সংগঠক আর সাবেক খেলোয়াড়রা।
আগামী মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এই টুর্নামেন্ট।
চট্টগ্রামের সাবেক খেলোয়াড়দের মতে, দেশে পেশাদার ফুটবল লিগ চালু হবার পর স্থানীয় লিগে মানসম্মত ফুটবলারের দেখা মিলছে না। দর্শকের মনও ভরছে না স্থানীয় ফুটবলারদের খেলায়।
প্রতি বছর প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগের খেলা চট্টগ্রামে হলেও মাঠে থাকে দর্শক খরা। কবে এম এ আজিজ স্টেডিয়াম দশর্কে পূর্ণ হয়েছে তারও কোন সঠিক হিসেব নেই চট্টগ্রামের ফুটবলার ও ক্রীড়া সংগঠকদের কাছে।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক এই টুর্নামেন্ট দর্শকদের আবার মাঠমুখী করবে বলে আশা করছেন চট্টগ্রামের ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা।
এ টুর্নামেন্টকে সামনে রেখে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের গ্যালারিসহ বিভিন্ন স্থানে সংস্কার চলছে। মাঠের ৯০ শতাংশ কাজ শেষ করার কথা জানিয়ে আগামী দুই দিনের মধ্যে তাও শেষ হয়ে যাবে বলে মনে করেন আয়োজক কমিটির সদস্যরা।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন সংস্কার কাজসহ স্টেডিয়ামের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই মাঠের সব কাজ শেষ হয়ে যাবে।
প্রবীন এই ক্রীড়া সংগঠকের বিশ্বাস, ভারত ও বাংলাদেশের দুইটি করে জনপ্রিয় দলের পাশাপাশি শ্রীলংকা, পাকিস্তান ও আফগানিস্তানের জাতীয় লীগের শীর্ষ দলগুলো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলে চট্টগ্রামবাসী আবারও মাঠমুখী হবে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র মনে করেন, চট্টগ্রামে এ ধরনের আয়োজন ‘ঝিমিয়ে পড়া’ ফুটবলকে আরও উজ্জীবিত করবে।
তিনি বলেন, এখন দেশের খেলাধূলা অনেকটা ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। জেলা শহরগুলোতে এ ধরনের আয়োজন করা দরকার।
এছাড়া দর্শক এবং খেলোয়াড়দের মাঠে ফেরাতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা রাখতে হবে বলে জানান সাবেক ফুটবল তারকা আশীষ।
চট্টগ্রাম আবাহনীর সাবেক অধিনায়ক স্থানীয় দৈনিক পূর্বকোণের ক্রীড়া প্রতিবেদক দেবাশীষ বড়ুয়া দেবু এরকম আসর নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব দিলেন।
কয়েক বছর আগে এএফসি চ্যালেঞ্জ কাপ ও ২০১০ সালে সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) ভেন্যু ছিল এম এ আজিজ স্টেডিয়াম। তারপর এই মাঠে কোনো ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টেরও আয়োজন হয়নি।
আশীষ ও দেবুর মতো টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ মাসুদ পারভেজ কায়ছার।
তিনি জানান, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের কারণে নতুনরাও ফুটবলে আসতে আগ্রহী হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাউন্ডস কমিটি মাঠ তৈরির কাজ চালালেও বৃষ্টি নিয়ে শঙ্কায় মাঠের দায়িত্বে থাকা কর্মকর্তারা।
কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি আন্তর্জাতিক ফুটবল উপযোগী মাঠ তৈরি করতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। কিন্তু এই টুর্নামেন্টে সময় পেয়েছি আমরা পাঁচ দিন। তার ওপর টানা দুই দিন ছিল বৃষ্টি।"
বাবু বলেন, "এটি আমাদের নাজুক অবস্থায় দেয়া হয়েছে। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে মাঠটি তৈরি করা হচ্ছে। পুরোপুরি আন্তর্জাতিক মানের করা না গেলেও খেলার উপযোগী করা হচ্ছে বলে জানান তিনি।"
তিনি জানান, মাঠের মধ্যে ক্রিকেটের তিনটি পিচ আছে। এই পিচগুলোকে রক্ষা করতে উপরে ঘাস লাগানো হয়েছে।
