২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে ছাড়িয়ে গেল সেল্তা

ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেল্তা দি ভিগো। পয়েন্ট তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে পেছনে ফেলেছে মৌসুমের শুরু থেকে চমক জাগানো দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 06:44 PM

Updated : 25 Apr 2022, 02:00 PM

লিগের নবম রাউন্ডের এই ম্যাচে ২-১ গোলে জিতেছে সেল্তা। এ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আছে দলটি।

প্রতিপক্ষের মাঠে রোববার ৪১তম মিনিটে চিলির ফরোয়ার্ড ফাবিয়ান ওরেয়ানার গোলে প্রথম এগিয়ে যায় সেল্তা। ।

১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা ভিয়ারিয়াল ৪৭তম মিনিটে আরেকটি ধাক্কা খায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের কোত দি ভোয়ার ডিফেন্ডার এরিক বেরট্রান্ড।

এক জন কম নিয়ে খেললেও ৬৭তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দেনিস সুয়ারেসের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।

শেষ পর্যন্ত অবশ্য সেল্তার জয়ের পথে বাধা হতে পারেনি স্বাগতিকরা। ৯০তম মিনিটে সেল্তার জয় নিশ্চিত করেন মৌসুমের শুরু থেকে ফর্মে থাকা স্প্যানিশ স্ট্রাইকার নোলিতো।

এবারের লিগে নোলিতোর এটা ষষ্ঠ গোল। রিয়াল মাদ্রিদের দুই তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোলও ৬টি। আট গোল নিয়ে শীর্ষে আছে বার্সেলোনার নেইমার।

এই জয়ে আট ম্যাচে সেল্তার পয়েন্ট বেড়ে হলো বার্সেলোনার সমান ১৮। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে সেল্তা। পঞ্চম রাউন্ডে কাতালুনিয়ার দলটিকে ৪-১ গোলে হারিয়েছিল সেল্তা।

শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান ১৮। তবে এবারের লিগে এখন পর্যন্ত রিয়াল ও সেল্তার দেখা না হওয়ায় গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রাফায়েল বেনিতেসের দল।