এভারটনকে হারিয়ে জয়ে ফিরল ম্যান ইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। উত্তেজনা ছড়ানো ম্যাচে এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে লুই ফন খালের শিষ্যরা।
শনিবার এভারটনের মাঠ গুডিসন পার্কে ইউনাইটেডের জয়ে গোল তিনটি করেন ওয়েইন রুনি, আন্দের এররেরা ও মর্গান স্নিদেলাঁ।
প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই আর্সেনালের কাছে ৩-০ ব্যবধানে হারা ইউনাইটেড শুরু থেকেই চেপে ধরে এভারটনকে। আক্রমণাত্মক ফুটবল খেলা ইউনাইটেডকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
অষ্টাদশ মিনিটে জটলা থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে জালে পাঠান ইউনাইডের মিডফিল্ডার স্লিদেলাঁ।
৪২তম মিনিটে ব্যবধান বাড়ানো দারুণ সুযোগ আসে ইউনাইটেডের সামনে। রুনির কাছ থেকে বল পেয়ে জোরালো শট নেন অন্তনি মার্সিয়াল। কিন্তু কোনোরকমে সেবার দলকে বাঁচান এভারটনের গোলরক্ষক টিম হাওয়ার্ড।
প্রথমার্ধে খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি দাভিদ দে হেয়াকে। ৪৪তম মিনিটে আচমকা শটে সুযোগ নিতে চেয়েছিলেন রস বার্কলে। কিন্তু ইউনাইটেডের সতর্ক গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইউনাইটেডের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে এভারটন। একের পর আক্রমণ গড়ে তারা। ৫৪তম মিনিটে এমনই একটি আক্রমণ থেকে গোল পেয়েই যাচ্ছিল তারা। কিন্তু পা দিয়ে সেবার কোনোমতে ঠেকান দে হেয়া।
প্রতিপক্ষেকে চাপে রাখা এভারটনের আশা প্রায় শেষ হয়ে যায় ফিল জাগিয়েলকার মারাত্মক এক ভুলে। মাঝ মাঠ থেকে এক সতীর্থকে বল দিতে গিয়ে ভুল পাস দিয়ে বসেন তিনি। সেখান থেকে এররেরা হয়ে বল পাওয়া রুনি গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি।
৬২তম মিনিটে এভারটনের জাল খুঁজে পেলেও সাত মিনিট পর আর পারেননি রুনি। এভারটনের সাবেক এই খেলোয়াড় এবার গোলরক্ষককে একা পেয়েছিলেন।
৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও চেষ্টা করেছিল এভারটন। কিন্তু ইউনাইটেডের জমাটরক্ষণ ভাঙতে পারেনি তারা। ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ এসেছিল অতিথিদের সামনেও, কিন্তু আর একটি সুযোগও কাজে লাগাতে পারেনি তারা।
এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইউনাইটেড। ওয়ালফোর্ডকে ৩-০ ব্যবধানে হারানো আর্সেনাল গোল পার্থক্যে এগিয়ে দুই নম্বরে রয়েছে। দিনের অন্য ম্যাচে বোর্নমাউথকে হারানো ম্যানচেস্টার সিটি ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।
